বাংলা হান্ট ডেস্কঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন তথা ৬ জুলাই রাজ্য সরকারের (Government of West Bengal) ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। ইতিমধ্যেই বাংলার স্কুলে স্কুলে শ্যামাপ্রসাদ পক্ষ (Shyama Prasad Paksha) পালনের নির্দেশ পাঠানো হয়েছে।
রাজ্যের স্কুলগুলিকে সরকারের নয়া নির্দেশ | (Government of West Bengal)
রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, উচ্চশিক্ষা দফতর মঙ্গলবার থেকে আগামী ১৫ দিন রাজ্যের স্কুলগুলিতে শ্যামাপ্রসাদ পক্ষ পালন করবে। ইতিমধ্যেই বিকাশ ভবনের তরফে স্কুলগুলিতে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ মমতার মাস্টারস্ট্রোক! ঋতব্রতদের আটকাতে রাতারাতি বড় পদক্ষেপ
২৩ জুন থেকে ৬ জুলাই অবধি রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে শ্যামাপ্রসাদ পক্ষ পালনের নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। এবার স্কুলগুলিতে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হল। বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, গতকালই রাজ্যের সকল জেলা স্কুল পরিদর্শককে এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিদ্যালয়গুলিতেও এই নির্দেশ পৌঁছতে শুরু করেছে।
জানা গিয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন স্মরণীয় করে রাখতে আগামী ১৫ দিন রাজ্যের স্কুলে স্কুলে নানা ধরনের কর্মসূচি আয়োজিত হবে। প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্ক সভা, আলোচনা সভা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা, তাঁর অবদান, তাঁর বক্তব্য পাঠ সহ নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে খবর।

এদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি আরও একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গতকাল রাজ্য বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে সম্মান জানাতে এই বছরব্যাপী উদযাপনের আয়োজন করা হবে। সেই সঙ্গেই তাঁর পৈতৃক বাড়ি সংস্কার করে পুরনো মহিমায় ফিরিয়ে আনা হবে ও জিরাটে ১২৫ ফুট উঁচু একটি মূর্তি বানানো হবে। এর পাশাপাশি এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের স্মৃতির উদ্দেশে একটি করে গ্রন্থাগার, পার্ক ও স্মারক তৈরির কথাও ঘোষণা করা হয়েছে।

















