বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা ও শহরতলির বাসযাত্রীদের জন্য সুখবর। প্রতিদিন যাঁরা বাসে করে অফিস, ব্যবসা বা অন্য কাজে যাতায়াত করেন, তাঁদের সুবিধার কথা ভেবেই তিনটি নতুন এসি বাস (AC Bus in Kolkata) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার মধ্যে যোগাযোগ আরও সহজ ও আরামদায়ক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এসি বাস (AC Bus in Kolkata) চালু হচ্ছে
নতুন এই পরিষেবার আওতায় তিনটি রুটে এসি বাস (AC Bus in Kolkata) চলবে। নিউটাউনের ইকো স্পেস থেকে সোনারপুর পর্যন্ত চলবে এসি-৫৮ নম্বর বাস। পাটুলির ঢালাই ব্রিজ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত চলবে এসি-২৪। এছাড়া কল্যাণীর বড়জাগুলি মোড় থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত চালু হচ্ছে এসি-৫৭ নম্বর বাস। এই তথ্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি আরও বলেছেন, রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীদের জন্য সুবিধাজনক করে তুলতেই এই নতুন বাস পরিষেবা (AC Bus in Kolkata) চালু করা হচ্ছে। তাঁর দাবি, নতুন রুটগুলির মাধ্যমে আবাসিক এলাকা, ব্যবসায়িক কেন্দ্র, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ আরও ভালো হবে। ফলে প্রতিদিনের যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে।
শহরকে আধুনিক করার পরিকল্পনাও চলছে
এদিকে রাজ্যে সরকার পরিবর্তনের পর একের পর এক নতুন প্রকল্প ও উন্নয়নের ঘোষণা করা হচ্ছে। কয়েকদিন আগে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, কলকাতাকে আরও আধুনিক করে তুলতে শহরের বিভিন্ন জায়গায় ডিজিট্যাল হোর্ডিং এবং ডিজিট্যাল বাসস্ট্যান্ড তৈরি করা হবে।
প্রথম ধাপে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোডকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে দু’টি এলাকায় ইতিমধ্যেই ডিজিট্যাল হোর্ডিং বসানো হয়েছে। সপ্তাহান্তে সেখানে বিশ্বকাপ ফুটবলের ম্যাচও দেখানো হচ্ছে।

আরও পড়ুনঃ ১০০০ বেডে ফ্রি চিকিৎসা! নিউটাউনে ২০০০ শয্যার হাসপাতাল গড়বে আদানি, জানালেন শুভেন্দু
এরই মধ্যে নতুন তিনটি এসি বাস চালুর (AC Bus in Kolkata) ঘোষণা শহরের বাসযাত্রীদের জন্য আরও একটি স্বস্তির খবর হয়ে উঠেছে।













