বাংলা হান্ট ডেস্কঃ ১৬ অগস্টকে ঘিরে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতদিন এই দিনটি ‘খেলা হবে’ দিবস হিসেবে পালন করা হলেও এবার থেকে তা আর হবে না। তার বদলে ১৬ অগস্ট ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের মেচেদায় দলীয় বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। একইসঙ্গে কেন এই বদল আনা হচ্ছে, সেই কারণও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী।
১৬ অগস্টে ‘আয়ুষ্মান দিবস’ পালন করবে রাজ্য সরকার, ঘোষণা শুভেন্দুর (Suvendu Adhikari)
রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় একটি গেস্ট হাউসে দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে দু’টি আলাদা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ১৬ অগস্ট নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি।
শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, এতদিন ১৬ অগস্ট ‘খেলা হবে’ দিবস হিসেবে পালন করা হত। তবে এবার থেকে সেই দিন ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করা হবে। তাঁর কথায়, ১৬ অগস্ট কলকাতা ও বাংলার ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৯৪৬ সালের এই দিনেই কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল, যা ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ নামে পরিচিত।
এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) আরও বলেন, এমন একটি দুঃখজনক ঐতিহাসিক দিনের সঙ্গে ‘খেলা হবে’ দিবস পালন করা ঠিক নয়। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই দিনটি এখন থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সচেতনতা বৃদ্ধির জন্য ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করা হবে।
এদিন আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও কথা বলেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি জানান, ৭০ বছরের বেশি বয়সী সকল নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া যাঁরা নির্ধারিত নিয়ম অনুযায়ী যোগ্য, তাঁরাও আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন। আর যাঁরা এই প্রকল্পে থাকবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা থাকবে।
অন্নপূর্ণা যোজনা নিয়েও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যোগ্য উপভোক্তাদের সকলকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তবে নিয়ম মেনে যাচাইয়ের পরই সুবিধা দেওয়া হবে এবং অযোগ্যদের তালিকা থেকে বাদ রাখা হবে।

আরও পড়ুনঃ রাজ্যে চালু হল গুন্ডাদমন আইন, অপরাধীদের বিরুদ্ধে কতটা শক্তিশালী হল প্রশাসন?
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় ‘খেলা হবে’ ছিল তৃণমূলের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক স্লোগান। পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ অগস্টকে ‘খেলা হবে’ দিবস হিসেবে পালনের ঘোষণা করেছিলেন। কিন্তু সরকার পরিবর্তনের পর একাধিক পুরনো সিদ্ধান্তের মতো এবার ১৬ অগস্ট পালন নিয়েও নতুন সিদ্ধান্ত নিল শুভেন্দু (Suvendu Adhikari) সরকার।













