গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না! লটারির টাকা ছিনতাই মামলায় গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর

Published on:

Published on:

TMC Leader Nirmal Ghosh Son Arrested in Lottery Money Robbery Case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে (Nirmal Ghosh) নিয়ে বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ পুলিশের। লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বরের একটি হোটেল থেকে তাঁকে আটক করে পুলিশ। এখন খড়দহ থানায় চলছে জিজ্ঞাসাবাদ।

নির্মল ঘোষের (Nirmal Ghosh) ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, এক ড্রাইভারের লটারিতে পাওয়া টাকা জোর করে নিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তিনি প্রকাশ্যে ছিলেন না বলে দাবি পুলিশের। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বরের একটি হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই তীর্থঙ্করকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে খড়দহ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

লটারির টাকা কীভাবে নেওয়া হয়েছিল, সেই ঘটনায় আর কারা জড়িত ছিল এবং ওই টাকা কার কার মধ্যে ভাগ হয়েছিল, সেটাই জানতে চায় তদন্তকারীরা। অভিযোগ রয়েছে, বন্দুক দেখিয়ে ওই টাকা ছিনিয়ে নেওয়া হয়েছিল। সোমবার তীর্থঙ্করকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের আবেদন করতে পারে। তাঁর বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার অভিযোগও রয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, চলতি বছর পানিহাটিতে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তীর্থঙ্কর ঘোষ। তবে তিনি নির্বাচনে জিততে পারেননি। এদিকে তীর্থঙ্করের বাবা, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকেও (Nirmal Ghosh) নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। তোলাবাজির অভিযোগে এক ব্যবসায়ী গ্রেফতার হওয়ার পর থেকেই নির্মল ঘোষের খোঁজ শুরু হয়। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল, টাকা আত্মসাৎ এবং মানুষকে ভয় দেখানোর অভিযোগও রয়েছে।

আরও পড়ুনঃ ‘খেলা হবে’ দিবস বাতিল! ১৬ অগস্ট নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

অভিযোগ ওঠার পর থেকে নির্মল ঘোষকে (Nirmal Ghosh) প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। যদিও কয়েকদিন আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠকে তাঁকে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন, তিনি গা ঢাকা দেননি। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি গিয়েছিলেন। তবে ঋতব্রত শিবিরের দাবি, তাঁরা পানিহাটির নির্মল ঘোষকে ডাকেননি। এই পরিস্থিতির মধ্যেই তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি নতুন করে চর্চা শুরু করেছে রাজনৈতিক মহলে।