বিদ্যুৎ চুরি আটকাতে ‘বিদ্যুৎ প্রহরী’! নতুন অ্যাপ আনল রাজ্য, ব্যবহারের পদ্ধতি জানুন

Published on:

Published on:

Government of West Bengal Bidyut Prahari app to prevent electricity theft
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিদ্যুৎ চুরি (Electricity Theft) তথা হুকিংয়ের দিন শেষ। এবার নতুন অ্যাপ নিয়ে এল রাজ্য সরকার। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের (Bidyut Prahari App) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অ্যাপ কীভাবে কাজ করবে সেটাও জানা গিয়েছে।

বিদ্যুৎ চুরি আটকাতে ‘বিদ্যুৎ প্রহরী’ | (Bidyut Prahari App)

গ্রামগঞ্জের দিকে এখনও হুকিংয়ের ঘটনা ঘটে। বহু ক্ষেত্রে এই নিয়ে বিদ্যুৎ দফতরে অভিযোগ জমা পড়ে। তবে সেসব অভিযোগের মধ্যে কতগুলির সমাধান হয়, তার কোনও তথ্য সেই অর্থে এতদিন পাওয়া যেত না। এই পরিস্থিতিতে বিদ্যুৎ চুরি আটকাতে প্রযুক্তিকেই ভরসা করল রাজ্য সরকার। চালু করা হল ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের কতদিনের মধ্যে মিলবে টাকা? নতুন আপডেট জানুন

এদিন বিদ্যুৎ ভবন থেকে এই অ্যাপের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, “বিদ্যুৎ চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ এই অ্যাপেই জানাতে পারবেন। দ্রুততার সঙ্গে সেগুলির সমাধান করা হবে। বিদ্যুৎ দফতর ভীষণ গুরুত্বপূর্ণ একটি দফতর। আগামীদিনে আরও একাধিক কাজ করা হবে, সেগুলি নিয়ে আলোচনা হবে।“

শুভেন্দু এদিন জানান, বিদ্যুৎ চুরি শূন্য করতে হবে। একইসঙ্গে ফ্যাক্টরিগুলিতে বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে অনুসরণ করতে হবে জিরো টলারেন্স নীতি। তিনি বলেন, বহু কমার্শিয়াল বিল্ডিংয়ে বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মালিকরা নেতা ঘনিষ্ঠ। তবে ওসব আর চলবে না। বকেয়া বিল আদায় করতে হবে। নোটিশ পাঠান। তবে ডোমেস্টিকের ক্ষেত্রে মানবিক হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অতীতের রেকর্ড দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি।

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ ব্যবহারের পদ্ধতি

জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে স্টোরে গিয়ে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। সেটি ইনস্টল করে খুললেই স্ক্রিনে অনেকগুলি অপশন দেখাবে। সেখানে নিজের অভিযোগ জানাতে পারবেন। সেই সঙ্গেই অভিযোগের স্ট্যাটাসও দেখা যাবে।

Suvendu Adhikari launched Bidyut Prahari app

জানা গিয়েছে, বিদ্যুৎ চুরি বা হুকিংয়ের অভিযোগ যিনি জানাবেন তাঁর নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সারাদিন অ্যাপে নজরদারি চালাবেন কর্মীরা। ফলে অভিযোগ জমা পড়লেই পদক্ষেপ নেওয়া হবে। চুরি সংক্রান্ত অভিযোগের পাশাপাশি এই অ্যাপে বিদ্যুৎ পরিষেবা বিষয়ক অন্যান্য সমস্যা ও মতামতও জানানো যাবে।

রাজ্যে বিদ্যুৎ চুরি বা হুকিংয়ের সমস্যা আজকের নয়। এবার সেটা বন্ধ করতে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের মাধ্যমে এই সমস্যার কতখানি সমাধান হয় সেটাই দেখার।