বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের হতাশা কাটিয়ে ফর্মে ফিরেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ১ ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe vs India) টি-টোয়েন্টি সিরিজ জিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) স্বস্তি দিয়েছেন ক্রিকেটাররা। কিন্তু তার মাঝেও অভিষেক শর্মার (Abhishek Sharma) ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারকা ভারতীয় ওপেনার চলতি সিরিজে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ। কালকের ম্যাচে বল হাতে ৩ উইকেট পেলেও সেটি যে অভিষেক শর্মার প্রধান কাজ নয় তা প্রত্যেকেই জানেন।
সিরিজের শেষ ম্যাচে তিনি বড় রান না করতে পারলে ভারতীয় দলে তার জায়গা নিয়ে উঠে যাবে প্রশ্ন। বেশ কিছু যোগ্য ক্রিকেটার ভারতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায়। খুব বেশিদিন ব্যর্থতাকে সঙ্গী করে দলে টিকে থাকতে পারবেন না অভিষেক। ইতিমধ্যেই ভারতীয় দল অভিষেককে অতিরিক্ত সুযোগ দিচ্ছে, এমন দাবি তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যর সাথে যুক্ত সঞ্জয় মাঞ্জরেকর।

ভারতীয় দল আর এক তারকা ওপেনার সঞ্জু স্যামসনকে এর চেয়ে অনেক কম সুযোগ দিয়ে তারপর স্কোয়াড থেকে ছেঁটে ফেলেছে বলেও অভিযোগ করেছেন তিনি। সঞ্জয় বলেছেন, “২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই অভিষেক শর্মার ফর্ম অত্যন্ত খারাপ। কিছু ভালো ইনিংস খেললেও তিনি পরপর কয়েকটি ম্যাচে কম রান করছেন। তা সত্ত্বেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে সমর্থন করে চলেছেন। সঞ্জু স্যামসন বিশ্বকাপে পরপর তিনটি দারুণ ইনিংস খেলে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। তা সত্ত্বেও মাত্র তিনটি ম্যাচে ব্যর্থ হওয়ার পরই তাঁকে বাদ দেওয়া হলো।”
আরও পড়ুন: ব্যাট হাতে বিধ্বংসী ঈশান কিষাণ, বল হাতে চমক অভিষেকের! ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো লক্ষ্মণের ভারত
সঞ্জয় আরও বলেছেন, “নির্বাচক ও কোচিং স্টাফদের এই আচরণ নিঃসন্দেহে চরম পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয়। জিম্বাবোয়ে সফরের দল থেকে তাঁকে বাদ দেওয়ার কারণ সম্পর্কে আরও স্বচ্ছতা থাকা উচিত ছিল। মনে হচ্ছে, তাঁর বিরুদ্ধে কোনো এক ধরণের রাজনীতি কাজ করছে।”
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে গোছাতে ব্যর্থ গম্ভীর! ৩ টি বড় সমস্যার সম্মুখীন হবেন অধিনায়ক শুভমান গিল
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কিছু ভালো ইনিংস খেলেছিলেন অভিষেক। বিশ্বকাপের মঞ্চেও তিনি ভুগছিলেন ধারাবাহিকতার অভাবে। গত দুই ম্যাচ মিলিয়ে তার মোট রানসংখ্যা মাত্র ৯। নিজেকে দ্রুত শুধরে নিতে না পারলে বৈভব সূর্যবংশীর ছায়ায় হারিয়েই যাবেন পাঞ্জাবের এই আগ্রাসী ওপেনার।













