বাংলাহান্ট ডেস্ক: মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি হচ্ছে মঙ্গলবার সকাল থেকেই। আবহাওয়া দপ্তর বলছে, আজও ভিজবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। আবহাওয়া দপ্তর বলছে (West Bengal Weather Update), উত্তাল রয়েছে সমুদ্র। গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আজ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া , হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এই সব জেলায়। আজ ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়াতেও। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে। মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি কমতে পারে বুধবার থেকে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই।
শহর কলকাতায় আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে অবশ্য বৃষ্টি কমবে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের সর্বত্রই। টানা বৃষ্টির জেরে অনেকটা কমেছিল তাপমাত্রা। বৃষ্টি কমলে বাড়বে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।

আরও পড়ুন: ‘জিরো টলারেন্স’-এর নজির! কোটি টাকার গাঁজা উদ্ধারের পর পুলিশকে অভিনন্দন শুভেন্দুর
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের জন্য অবশ্য ভিন্ন আপডেট। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। অধিক বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে এসব জেলায়। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সপ্তাহভর। আপাতত বৃষ্টি হবে না মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা নামার সম্ভাবনা।













