বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পরিস্থিতি নয় ব্যাটিং বান্ধব, টপ অর্ডার ব্যর্থ, এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি করে ভারতীয় দলকে (Indian Cricket Team) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) ম্যাচ জিতিয়ে সিরিজে ০-২ ফলে এগিয়ে দিলেন তিলক ভার্মা (Tilak Varma)। গত ম্যাচে ব্যাটিং অর্ডার বদলানোর পর সাফল্য পাননি। এই ম্যাচে নিজের অভ্যস্ত জায়গায় ফিরতেই দুর্দান্ত ইনিংস খেলে ভারতীয় দলকে এনে দিলেন স্মরণীয় জয়।
তবে তিনি একা নন, লোয়ার মিডল অর্ডারে তাকে যোগ্য সঙ্গত দেন দুই অলরাউন্ডার নমন ধীর ও নীতিশ কুমার রেড্ডি। ১৭ বলে ৩১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নমন। নীতিশ রেড্ডি ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে তিলকের সাথে ম্যাচ ফিনিশ করেন। তবে ম্যাচের সেরা হয়েছেন ২৬ বলে ৬ টি চার ও ১ টি ছক্কা সহযোগে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলা তিলক ভার্মাই।

এদিন ভারতের টপ অর্ডারের ব্যাটাররা শোচনীয়ভাবে ব্যর্থ হন। ঈশান কিষাণের চোটের কারণে তার জায়গায় দলে আসা বৈভব সূর্যবংশী (৪) ব্যর্থ। সুবিধা করতে পারেননি ফর্মে থাকা দুই ওপেনার সঞ্জু স্যামসন (১৪) ও অভিষেক শর্মা (২৭)। অধিনায়ক শ্রেয়স আইয়ার (৭) ও তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলও (১১) এদিন নিজেদের ছন্দ খুঁজে পাননি। এর থেকেই বোঝা যায় তিলক ভার্মার দুশো ছুঁইছুঁই স্ট্রাইক রেটে খেলা ইনিংসটি কতটা গুরুত্বপূর্ণ ছিল।
আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান
এই নিয়ে মোট ২৬ ম্যাচে রান তাড়া করার সময় অপরাজিত রইলেন তিলক ভার্মা। আর এই ২৬ বারই ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। এদিন ম্যাচের একাদশ তম ওভারে ৭০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ভারতীয় দল। সেই অবস্থা থেকে এই ম্যাচ জেতানো তিলক ভার্মার টি-টোয়েন্টি কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসগুলির মধ্যে একটি বলেই গণ্য হবে।
সাম্প্রতিক অতীতে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জয়ের অন্যতম বড় কারণ ছিল টপ অর্ডারের বিধ্বংসী ব্যাটিং। তবে টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারের যে বড় রান তাড়া করে ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে তা প্রমাণ করে দিলেন তিলক ভার্মা। এটি ছিল তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের একাদশ তম হাফসেঞ্চুরি।














