বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের কৃষকদের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে নতুন রাজ্য সরকার (Government of West Bengal)। এবার এমনটাই জানালেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mondal)। কৃষকদের বাড়তি আয় থেকে দালালরাজ বন্ধ করতে কী কী পরিকল্পনা করা হয়েছে তা জানালেন তিনি।
কৃষিমন্ত্রী যা যা বললেন… | (Dudh Kumar Mondal)
দুধকুমার বলেন, নতুন সরকার গঠন হয়েছে খুব বেশিদিন হয়নি। সেই কারণে একটু সময় লাগবে। তবে ইতিমধ্যেই কৃষকদের বাড়তি আয়ের দিকে নজর দিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে বড় চমক! হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা রাজ্যের
কৃষিমন্ত্রী বলেন, “রাজ্যের চাষিদের বাড়তি আয়ের দিকে নজর দিয়ে বাদাম, ধান, ভুট্টা, ডাল, সুগন্ধি চাল এই ধরণের বিকল্প কৃষিকাজে উৎসাহ দেওয়া হচ্ছে। সেই সঙ্গেই যাতে দালালচক্র বন্ধ হয় সেই দিকেও আমরা নজর দিচ্ছি।“
একইসঙ্গে দুধকুমার জানান, রাজ্যের আগের সরকারের আমলে একাধিক বিমা সংক্রান্ত ভুয়ো নাম মিলেছে। সেসব নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় সেদিকে নজর দিচ্ছে সরকার। সেই সঙ্গেই চাষের মানোন্নয়নের জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে ও ড্রোনের মাধ্যমে জমিতে সার দেওয়ার প্ল্যানও রয়েছে।
এছাড়া চাষের ক্ষেত্রে অনেক সময় জলের সমস্যা দেখা যায়। সেটি দূর করতেও উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেচের উন্নতির দিকে নজর রেখে সৌরশক্তি চালিত সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে। সেই সঙ্গেই জল সংরক্ষণ করার জন্য ভিবি জি রাম জি প্রকল্পে জলাশয় সংস্কার করে গভীরতা বৃদ্ধি, পুকুর খননের কাজ চলছে।

এছাড়া সারের কালোবাজারি বন্ধ করতে নজরদারি চলছে। ধরা পড়লে কঠোর পদক্ষেপের আশ্বাস দেওয়া হচ্ছে। এর পাশাপাশি জানা গিয়েছে, বাজেটে বরাদ্দ অর্থ চাষের জল, অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ, ক্ষুদ্র সেচ এবং চেকড্যাম নির্মাণ সহ সার্বিক পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে। সেই সঙ্গেই সুগন্ধি চাল চাষ করে কৃষকরা যাতে বেশি আয় করতে পারেন সেদিকে নজর রেখে আর্থিক সহায়তা দেওয়া হবে।
রাজ্যে পালাবদলের পর থেকে কৃষি, শিক্ষা সহ নানা খাতে জোর দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মন্ত্রী দুধকুমার মণ্ডল। এতে চাষিদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।













