বাংলা হান্ট ডেস্কঃ আরজি করের তিলোত্তমা ধর্ষণ-খুন মামলার তদন্ত এখনও শেষ না হওয়ায় ফের ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালতের প্রশ্ন, এতদিন পরেও কেন তদন্ত শেষ হল না? বিচার পাওয়ার আশায় থাকা মানুষকে আর কতদিন অপেক্ষা করতে হবে, তা নিয়েও সিবিআইকে জবাবদিহি করতে বলা হয়েছে।
আরজি কর মামলার তদন্তে দেরি নিয়ে সিবিআইকে প্রশ্ন হাই কোর্টের (Calcutta High Court)
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) আরজি কর মামলার শুনানি হয়। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেয় সিবিআইয়ের নতুন তদন্তকারী দল। রিপোর্ট দেখার পর আদালত জানায়, তদন্তে এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, সিবিআইয়ের রিপোর্টেই বেশ কিছু অসঙ্গতি এবং খামতির কথা উল্লেখ রয়েছে। সেই বিষয়গুলি খতিয়ে দেখতে আদালত আগেই নির্দেশ দিয়েছিল। তাহলে এতদিন পরেও তদন্ত শেষ হচ্ছে না কেন, সেই প্রশ্ন তোলেন তিনি।
বিচারপতি শম্পা সরকারও তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ঘটনার দিন রাতে ঠিক কী ঘটেছিল, তা শুরু থেকে শেষ পর্যন্ত আবার খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, এই মামলা আর কতদিন ঝুলিয়ে রাখা হবে? বিচার পাওয়ার জন্য সাধারণ মানুষ আর কতদিন অপেক্ষা করবে?
আদালত (Calcutta High Court) আরও জানায়, তদন্ত এমনভাবে করতে হবে যাতে কোনও গুরুত্বপূর্ণ তথ্য বা সূত্র বাদ না পড়ে। এর জবাবে সিবিআই জানায়, তারা মামলার সব দিক খতিয়ে দেখছে এবং তদন্তে কোনও ফাঁক রাখা হচ্ছে না।

প্রসঙ্গত, গত ২৫ জুনও এই মামলার শুনানিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল হাই কোর্ট (Calcutta High Court)। তখন আদালত বলেছিল, নতুন তদন্তকারী দলে পুরনো কোনও তদন্তকারী অফিসার থাকবেন না। সেই সময়ও তদন্ত শেষ হতে এত দেরি কেন হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এক মাস পর ফের একই প্রশ্ন উঠল আদালতে। মামলার পরবর্তী শুনানি হবে ২৮ অগস্ট।













