বাংলা হান্ট ডেস্কঃ দেশের কোটি কোটি কৃষকের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana) চালু করেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এই প্রকল্পের ২৩ তম কিস্তি দেওয়া হয়েছে। বর্তমানে ২৪ তম কিস্তির অপেক্ষায় রয়েছেন উপভোক্তারা। এই আবহে এই প্রকল্প (Government Scheme) সম্বন্ধে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরা হল।
পিএম কিষাণ নিয়ে ৪টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর | (PM Kisan Yojana)
পিএম কিষাণ যোজনার মাধ্যমে যোগ্য উপভোক্তাদের বছরে তিনটি কিস্তির মাধ্যমে মোট ৬ হাজার টাকা দেয় সরকার। তবে অনেকেই ভাবেন, সরকারের বেঁধে দেওয়া যাবতীয় শর্ত পূরণ করলে স্বামী ও স্ত্রী দু’জনেই হয়তো এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। যদিও বাস্তবে এমনটা নয়।
আরও পড়ুনঃ আগে যুবসাথী পেলেই মিলবে যুবশক্তির ৩ হাজার টাকা? সরকারি নিয়ম জানুন
সরকারি নিয়ম বলছে, একটি পরিবারের একজন যোগ্য সদস্যই পিএম কিষাণের সুবিধা পেতে পারেন। স্বামী ও স্ত্রী দু’জনের অ্যাকাউন্টেই যদি টাকা ঢোকে, তাহলে পরবর্তী সময়ে অতিরিক্ত টাকা সরকার ফেরত চাইতে পারে।
এছাড়া অনেকের প্রশ্ন, পিএম কিষাণের সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে, তাঁর পরিবার কি এই প্রকল্পের সুবিধা পাবেন? এক্ষেত্রে উত্তর হল, না। কোনও কৃষকের মৃত্যু হলে, তাঁর নামে পিএম কিষাণের কিস্তি বন্ধ হয়ে যায়। পরিবারের অন্য কোনও যোগ্য সদস্য এই প্রকল্পের সুবিধা পেতে চাইলে, তাঁকে প্রথমে নিজের নামে জমির রেকর্ড কিংবা মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। এরপর তাঁকে নতুন করে প্রকল্পের জন্য আবেদন করতে হবে।
কারও কারও আবার প্রশ্ন, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমির রেকর্ডে যদি আবেদনকারীর নাম আলাদা থাকে, তাহলে কি পিএম কিষাণের টাকা পাওয়া যাবে? এক্ষেত্রে উত্তর হল, নথিপত্রে নামের বানানে অমিল থাকলে প্রকল্পের কিস্তি আটকে যেতে পারে। সেই কারণে আগে সব নথি যাচাই করে নেওয়া উচিত। কোনও ভুল অথবা অসঙ্গতি থাকলে তা সংশোধন করে নেওয়া উচিত।

কেউ কেউ আবার জানতে চান, আয়কর দেওয়া কৃষকরা কি পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়ার যোগ্য? এক্ষেত্রেও উত্তর হল, না। সেই সঙ্গেই নির্দিষ্ট শ্রেণির প্রাক্তন ও বর্তমান সরকারি কর্মী এবং মাসিক ১০ হাজার টাকা অথবা বা তার বেশি পেনশন পাওয়া নির্দিষ্ট শ্রেণির পেনশনভোগীরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন।
দেশের কোটি কোটি কৃষককে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে পিএম কিষাণ যোজনা চালু করেছে কেন্দ্র। তবে এত বছর পরেও এই প্রকল্প নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন ও সংশয় রয়েছে। এমনই ৪টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হল।













