বাংলা হান্ট ডেস্কঃ গত জুলাই মাসে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির (Aditi Munshi) স্বামী। এবার সেই দেবরাজের বিপুল সম্পত্তির খোঁজ পেল পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। ইতিমধ্যেই এই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডিকে জানানো হয়েছে।
৫ বছরেই ১০০ কোটির সম্পত্তি দেবরাজের | (Debraj Chakraborty)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতার বিভিন্ন পরিচিতদের নামে এই সম্পত্তিগুলি রয়েছে। এর মধ্যে কোনও কোনও সম্পত্তি যেমন বাগুইআটি, দমদম, নিউটাউন এলাকায় রয়েছে, তেমনই উত্তরবঙ্গেও রয়েছে।
আরও পড়ুনঃ একধাক্কায় দ্বিগুণ রাজ্যের প্রাক্তন বিধায়কদের পেনশন? অঙ্কটা কত হতে পারে জানুন
পুলিশ সূত্রে খবর, দেবরাজের প্রায় ৩০টি সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেগুলির বর্তমান বাজারদর প্রায় ১০০ কোটি টাকা। গত পাঁচ বছরে এই সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা।
এদিকে গত সপ্তাহেই বারাসাত আদালতে বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা করেছেন তদন্তকারীরা। দাবি করা হয়েছে, ধৃতের বিরুদ্ধে তোলাবাজি ও সিন্ডিকেট পরিচালনার পক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তার উপর ভিত্তি করেই চার্জশিট জমা দেওয়া হয়েছে।
ছাব্বিশের বিধানসভা ভোটে পালাবদলের পরেই অদিতি ও তাঁর স্বামী দেবরাজের বিরুদ্ধে সম্পত্তির হিসাব নয়ছয় করার অভিযোগ উঠেছিল। সেই ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতির বিরুদ্ধে অভিযোগ ওঠে, নির্বাচনী হলফনামায় তিনি সম্পত্তি কম করে দেখিয়েছেন।

পাশাপাশি দম্পতির বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে ও আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তর করেছেন তাঁরা। এমনকি আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, সেগুলি গোপন করা ও অর্থপাচারের মতো অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে।
এই সূত্রে রক্ষাকবচ চেয়ে অদিতি ও দেবরাজ দু’জনেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। একরত্তি সন্তানের জন্য প্রাক্তন তৃণমূল বিধায়ককে আদালত রক্ষাকবচ দিলেও তাঁর স্বামীর আবেদন খারিজ হয়ে যায়। পরবর্তীতে পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেফতার করে পুলিশ। এবার তাঁরই আরও সম্পত্তির হদিশ পাওয়া গেল।













