বাংলা হান্ট ডেস্কঃ অবসরের পর পেনশন (Pension) থাকলে যে কোনও মানুষের অনেকটা সুবিধা হয়। সরকারি কর্মীরা রিটায়ারমেন্টের পর এই সুবিধা পেলেও, বেসরকারি কর্মী কিংবা ব্যবসায়ীদের কাছে এই সুযোগ থাকে না। সেক্ষেত্রে একটি ভালো বিকল্প হতে পারে এলআইসি স্মার্ট পেনশন প্ল্যান (LIC Smart Pension Plan)। এখানে একবার বিনিয়োগ করলে মাসে মাসে নিশ্চিত পেনশন পাওয়া যায়।
এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানের হিসাব | (LIC Smart Pension Plan)
ভারতীয় জীবন বিমা নিগম তথা এলআইসির স্মার্ট পেনশন প্ল্যান একটি সিঙ্গেল প্রিমিয়াম স্কিম। এই প্রকল্পে বিনিয়োগ করতে হলে নূন্যতম ১৮ বছর বয়সী হতে হয়। সিঙ্গেল ও জয়েন্ট, দুই ধরণেরই অ্যাকাউন্ট খোলা যায় এবং এখানে একবার বিনিয়োগ করলে আজীবন নিশ্চিত পেনশন পাওয়া যায়।
আরও পড়ুনঃ ‘মামলা নিষ্পত্তি না হওয়া অবধি কোনও যাচাই নয়’! কাস্ট সার্টিফিকেট নিয়ে বিরাট নির্দেশ দিল হাইকোর্ট
এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হল এটি একটি ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান। শেয়ার বাজারের সঙ্গে লিঙ্কড না হওয়ায় বাজারের ওঠানামার প্রভাব পেনশনের উপর পড়ে না। এই প্রকল্পে এককালীন প্রিমিয়াম দিতে হয়। বিনিয়োগের সময় নির্ধারিত পেনশন সারা জীবন পাওয়া যায়। পাশাপাশি এই স্কিমে সম্পূর্ণ বা আংশিক টাকা তুলে নেওয়ার বিকল্পও রয়েছে।
এলআইসির এই পেনশন প্ল্যানে নূন্যতম ১ লক্ষ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই। বিনিয়োগকারীর বিনিয়োগের পরিমাণ যত বেশি হবে, পেনশনও তত বেশি পাওয়া যাবে। এই প্রকল্পে পেনশনের পরিমাণ বার্ষিক ৩% থেকে ৬% অবধি বাড়ানোর বিকল্প রয়েছে। পাশাপাশি পলিসিহোল্ডারের মৃত্যু হলে বিনিয়োগের মূল টাকা নমিনিকে দিয়ে দেওয়া হয়।
এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানে সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করলে আজীবন মাসে ২৫ হাজার টাকা করে নিশ্চিত পেনশন পাওয়া যেতে পারে। ধরা যাক, ৬০ বছর বয়সী কোনও অবসরপ্রাপ্ত ব্যক্তি এই পেনশন স্কিমে এককালীন ৩২ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। সেক্ষেত্রে বছরে তাঁর প্রাপ্ত পেনশন হবে ৩,০১,০৫৬ টাকা। অর্থাৎ প্রতি মাসে প্রায় ২৫,০৮৮ টাকা করে পেনশন পাবেন তিনি।

এলআইসির এই পেনশন স্কিমে পেনশন নেওয়ার ক্ষেত্রে চারটি বিকল্প রয়েছে। বার্ষিক, ষাণ্মাসিক, ত্রৈমাসিক ও মাসিক- নিজেদের সুবিধা অনুযায়ী যে কোনও একটি বিকল্প বেছে নিতে পারেন বিনিয়োগকারী। সেই অনুযায়ী পেনশন পাবেন তিনি। অনলাইন ও অফলাইন দু’ভাবেই এই প্রকল্পে আবেদন করা যায়।
অবসরের পর টেনশন ফ্রি জীবন কাটাতে চান সকলে। সেক্ষেত্রে মাসে মাসে নিশ্চিত পেনশন থাকলে অনেকটা সুবিধা হয়। আপনিও যদি এমন কোনও প্রকল্পের খোঁজে থাকেন, তাহলে ভালো বিকল্প হতে পারে এলআইসি স্মার্ট পেনশন প্ল্যান।













