বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আবারো একবার মোহনবাগানের (Mohun Bagan) ত্রাতা হয়ে দাঁড়ালেন গোলরক্ষক বিশাল কাইথ (Vishal Kaith)। কোয়ার্টার ফাইনালে জামশেদপুরের বিরুদ্ধে টাইব্রেকারে হিরো হয়েছিলেন এই তারকা ফুটবলার। সেমিফাইনালে নর্থ ইস্টের (Northeast United) বিরুদ্ধেও চিত্রটা দাঁড়ালো একই রকম। নির্ধারিত সময়ে ম্যাচ ০-০ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকার অবধি। সেখানে দুটি পেনাল্টি বাঁচিয়ে আবার নায়ক হন বিশাল। গতকাল ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে পেনাল্টি শ্যুট আউটে হিরো হয়েছিলেন গোলরক্ষক প্রভসুখন গিল। দুই গোলকিপারের দাপটে ডুরান্ড (Durand Cup 2026) ফাইনালে ২০২৩ সালের পর ফের একবার কলকাতা ডার্বি (Kolkata Derby) প্রত্যক্ষ করবে ভারতের ফুটবলপ্রেমীরা।
এদিন অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে সবুজ-মেরুণ শিবিরকে কড়া লড়াইয়ের সম্মুখীন করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড। ম্যাচের আগে চূড়ান্ত বর্ষণের কারণে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল খেলার প্রায় অযোগ্য। দুই দলের ফুটবলাররাই নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে ব্যর্থ হয় শিলংয়ের মাটিতে।

তাও নর্থইস্ট ইউনাইটেড কিছু গোলের সুযোগ তৈরি করেছিল। দুটি অত্যন্ত ভালো সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন নর্থইস্টের আলাদিন ও ম্যাকার্টন। জয়ের জন্য মরিয়া ছিল মোহনবাগানও। দ্বিতীয়ার্ধে দলের দুই নবাগত তারকা মিগুয়েল ও ছাঙতে-কে নামিয়ে মরণ কামড় দিতে চেয়েছিলেন সবুজ-মেরুণ শিবিরের গ্রিক কোচ। কিন্তু গোল আসেনি নির্ধারিত ৯০ মিনিটে।
আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের
টাইব্রেকারে মোহনবাগানের হয়ে গোল করেন রাহুল ভেকে, শুভাশীষ বসু, লিস্টন কোলাসো ও জেমি ম্যাকলারেন। নর্থইস্টের হয়ে প্রথম দুই শট থেকে গোল করেছিলেন মনকোভিচ ও আলাদিন। কিন্তু তারপর একে একে রবিন যাদব ও পার্থিব গগৈ-এর শট অসাধারণ অনুমান ক্ষমতার ওপর ভর করে বাঁচিয়ে দেন বিশাল। ৩-৪ ফলে টাইব্রেকার জিতে নেয় মোহনবাগান। কিন্তু গ্রূপপর্বে গোলের সুনামি তোলা মোহনবাগান নক আউটে মাত্র ১ গোল করেছে। এই বিষয়টি ভাবাবে মোহনবাগান কোচিং টিমকে। ফাইনালের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল নক-আউটে এখনও কোনও গোল হজম করেনি। সেই নিয়ে আলাদা করে পরিকল্পনা তৈরি করতে হবে পানাগিওটিস ডিলেমপেরিসকে।
আরও পড়ুন: ডুরান্ড সেমিতেই ১ বছর আগের শাপমোচন গিলের! দুরন্ত পেনাল্টি সেভ করে ইস্টবেঙ্গলকে তুললেন ফাইনালে
আজকে মেরিনার্সদের এই জয়ের ফলে আগামী রবিবার আসন্ন ডুরান্ড ফাইনালে ফের একবার মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ডুরান্ড আরম্ভ হয়েছিল কলকাতা ডার্বির মধ্যে দিয়ে। আর সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়ে পরবর্তীতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন শিবির। ফাইনালেও সেই একই চিত্র দেখা যাবে, নাকি হাবাসের ইস্টবেঙ্গল নিজেদের ভালো খেলার ধারা অব্যাহত রেখে ২০২৩ সালের ডুরান্ড ফাইনালে বদলা নেবে তা দেখার জন্য অপেক্ষা আর মাত্র কয়েক দিনের।














