বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি কলকাতার বুকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। এই আবহে শহরের হোটেল ও গেস্ট হাউসগুলির বেআইনি কারবার ও অগ্নিনির্বাপণ বিধিতে গাফিলতি আটকাতে কড়াকড়ির পথে হাঁটল রাজ্য সরকার (Government of West Bengal)। শনিবার পরিদর্শনে বেরিয়ে এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
বেআইনি দেখলেই সিল করার নির্দেশ অগ্নিমিত্রার | (Agnimitra Paul)
এদিন মার্কুউজ স্ট্রিটের হোটেল ও গেস্ট হাউসগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। এর মাঝেই তিনি জানান, নোটিশ পাঠিয়ে কোনও কাজ হয় না। এবার থেকে বেআইনি দেখলেই সংশ্লিষ্ট হোটেল সিল করতে হবে। পাশাপাশি এই ইস্যুতে রাজ্যের পূর্ববর্তী সরকারকেও নিশানা করেন তিনি।
আরও পড়ুনঃ উঠে গেল রাজ্য সরকারি কর্মীদের এই বড় বিধিনিষেধ! বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
অগ্নিমিত্রা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের থেকে জানতে চাই, তাঁরা কীভাবে এসব বেআইনি হোটেলের অনুমোদন দিতেন? আগে নেতাদের বাড়ি বাড়ি ‘পার্সেন্টেজ’ পৌঁছত। তবে এখন আর টাকা দিয়ে বেআইনিকে আইনি করার সুযোগ পাওয়া যাবে না।“
এরপরেই বেআইনি হোটেল দেখলে সোজা গালা মেরে সিল করার নির্দেশ দেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, “নোটিশ দিয়ে কোনও কাজ হয় না। যদি কোনও হোটেলে অতিথি অথবা আবাসিক থাকেন, তাহলে তাঁদের সরানোর জন্য ২৪ ঘণ্টা সময় দিন। এরপর গালা দিয়ে ওই হোটেল সিল করুন। পরবর্তীতে যদি আইন অনুযায়ী সব নথিপত্র ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক থাকে, তাহলে আবার খুলে দেওয়া যাবে।“

এদিকে মির্জা গালিব স্ট্রিটের ঘটনার পর থেকেই মধ্য কলকাতার হোটেলগুলির পরিকাঠামো নিয়ে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দমকল বিভাগের তরফে ধর্মতলা চত্বরের ১৬টি হোটেল সিল করা হয়েছে। পাশাপাশি আরও ২৫টি হোটেলকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
এই আবহে এদিন পরিদর্শনে বেরিয়ে আরও কড়াকড়ির কথা বললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হোটেল ও গেস্ট হাউসগুলির বেআইনি কারবার আর চলবে না, তা স্পষ্ট করে দেন তিনি।













