বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর পরিবহণক্ষেত্রের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচলের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এবার আরও একটি গাড়ি নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। এবার মোটরভ্যান (Motor Van) পুরোপুরি বন্ধের সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
টোটোর পর আরও এক গাড়ি নিয়ে কড়া ঘোষণা অর্জুনের | (Arjun Singh)
সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রোজগার মেলায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইতিমধ্যেই মোটরভ্যান চালকদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বৈধ রেজিস্ট্রেশন ও লাইসেন্স থাকা দূষণমুক্ত গাড়ি ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুনঃ ‘বেআইনি দেখলেই সিল করে দিন’! হোটেল ও গেস্ট হাউস নিয়ে চরম নির্দেশ অগ্নিমিত্রার
অর্জুন বলেন, “মোটরভ্যান থেকে দূষণ হচ্ছে। এটা আমরা সম্পূর্ণ বন্ধ করে দেব। আমি স্পষ্ট জানাচ্ছি, এটা চালাতে দেব না।“ মোটরভ্যানের বিকল্প হিসেবে চালকদের পিক আপ ভ্যান কেনা ও সরকারি নিয়ম অনুসারে সেটির রেজিস্ট্রেশন করানোর কথা বলেন তিনি।
পরিবহণমন্ত্রী জানান, রাজ্যের সব বিধানসভা এলাকায় অটো ও ম্যাজিক গাড়ি চালু করার পরিকল্পনা রয়েছে। আট থেকে নয়জন যাত্রী বইতে সক্ষম এই গাড়িগুলির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে পারমিট দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি স্পষ্ট করে দেন, সরকারি নিয়ম মেনে গাড়ি চালানো হলে কোনও রকম অসুবিধা হবে না।

এছাড়া পরিবহণ পরিষেবা পাওয়ার জন্য কোনও দুষ্কৃতী অথবা ইউনিয়নের হাতে টাকা না দেওয়ার বার্তা দেন অর্জুন। একইসঙ্গে ঘোষণা করেন, পুজোর আগে প্রায় ৬০০টি গাড়ি রাস্তায় নামানোর ভাবনা রয়েছে।
রাজ্য পরিবহণ দফতরের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছেন অর্জুন সিং। একাধিক বাস রুট চালুর পাশাপাশি টোটো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তাঁর দফতর। এবার মোটরভ্যান নিয়েও কড়া সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি।













