বাংলা হান্ট ডেস্ক : পিএম-কিষানের (PM Kisan) পরবর্তী কিস্তি কবে মিলবে, তা নিয়ে কৃষকদের মধ্যে দিন গোনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, রাখি উপলক্ষে দেশের কৃষকদের অ্যাকাউন্টে পিএম-কিষানের ২৪তম কিস্তি হিসাবে ৪,০০০ টাকা পাঠাবে কেন্দ্র।
পিএম-কিষানের (PM Kisan) পরবর্তী কিস্তিতে ৪০০০ টাকা পাওয়া যাবে ?
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও থেকে জানা যাচ্ছে, এবার নিয়মিত কিস্তির বদলে কৃষকদের ৪,০০০ টাকা করে দেওয়া হবে। রাখির দিনই সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে বলেও প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির মধ্যেই পিআইবি জানায়, কেন্দ্র এমন কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি।
পিআইবি-র ফ্যাক্ট চেক অনুসারে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই দাবিটা ভুয়ো। পিএম-কিষান প্রকল্পের ২৪তম কিস্তির আওতায় কৃষকদের ৪,০০০ টাকা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকার এমন কোনও ঘোষণা করেনি। ভাইরাল ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। কৃষকদের এই ধরনের ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্টে বিশ্বাস করা উচিত নয়, বলেও সাবধান করা হয়েছে।
নতুন কিস্তি বা টাকা দেওয়া সংক্রান্ত সরকারের প্রকাশিত যে কোনও তথ্য শুধুমাত্র সরকারি সূত্র থেকেই যাচাই করে নেওয়া উচিত।২৪তম কিস্তির বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ জুন, পিএম-কিষান প্রকল্পের ২৩তম কিস্তির টাকা দিয়েছিলেন। তারপর থেকেই পরবর্তী কিস্তি নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট এবং ভিডিও ছড়াতে শুরু করেছে।

আরও পড়ুন :পেনশন পেতে কমবে ঝামেলা! ১লা সেপ্টেম্বর থেকেই সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম
প্রসঙ্গত, পিএম-কিষান প্রকল্পের কিস্তি, সুবিধাভোগীদের নাম এবং অন্যান্য সরকারি তথ্য জানতে কৃষকরা সরাসরি “pmkisan.gov.in” পোর্টালে যেতে পারেন। সরকারি প্রকল্পের টাকা পাওয়ার নামে কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা বা ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রেও কৃষকদের সতর্ক থাকতে হবে।













