বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে সামগ্রিকভাবে রেল (Indian Railways) পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর পাশাপাশি, পণ্য পরিবহণের ক্ষেত্রেও রেলের যথেষ্ট ভূমিকা থাকে। এমতাবস্থায়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে রেল ইঞ্জিন বা লোকোমোটিভগুলিতে (Locomotive) লোকো পাইলটদের (Loco Pilot) সুবিধার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই কেবিনগুলিতে এয়ার কন্ডিশনের সুবিধাও মিলছে। কিন্তু, লোকোমোটিভগুলিতে ইউরিনালের অভাব রয়েছে। কিছু ইঞ্জিনে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হলেও এবার একটি বেসরকারি রেল ইঞ্জিন প্রস্তুতকারী সংস্থা বড়পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
রেলের (Indian Railways) সবথেকে শক্তিশালী ইঞ্জিনে এবার ওয়াটারলেস ইউরিনালের সুবিধা:
জানিয়ে রাখি যে, লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তিনি বাজেটে ঘোষণা করেছিলেন বিহারের মধেপুরায় একটি রেল ইঞ্জিন কারখানা স্থাপন করা হবে। এই প্রকল্পটি এখন প্রতিষ্ঠিত হয়েছে। রেল মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে মধেপুরায় মধেপুরা ইলেকট্রিক লোকোমোটিভ প্রাইভেট লিমিটেড তথা MELPL প্রতিষ্ঠিত হয়েছে। কারখানাটিতে রেলের ২৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে, অন্যদিকে ফরাসি কোম্পানি অ্যালস্টমের রয়েছে ৭৪ শতাংশ অংশীদারিত্ব। এখন এই কারখানায় ইউরিনাল রয়েছে এমন রেল ইঞ্জিন তৈরি করা হবে।

প্রোটোটাইপ ইঞ্জিনটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে: উল্লেখ্য যে, মাধেপুরা লোকোমোটিভ ওয়ার্কস এমন একটি ইঞ্জিন তৈরি করেছে যেখানে ওয়াটারলেস ইউরিনালের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই বিষয়টির পরিপ্রেক্ষিতে MELPL-এর ম্যানেজিং ডিরেক্টর বিবেক গার্গ সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ওয়াটারলেস ইউরিনালযুক্ত প্রোটোটাইপ ইঞ্জিনটি ৪ মাস ধরে চালু রয়েছে। এখন পর্যন্ত কোনও উল্লেখযোগ্য সমস্যা দেখা দেয়নি। সেটির সাফল্যের পর ভবিষ্যতে উৎপাদিত সকল ইঞ্জিনে এমন ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: ব্রাজিল ম্যাচের আগে বিশ্বকাপ খেলা আরও এক দলের মুখোমুখি হবে ভারত? বড় ইঙ্গিত ফেডারেশনের
মহিলারাও লোকো পাইলট হচ্ছেন: বিবেক গার্গ আরও জানিয়েছেন যে, ইউরিনাল রয়েছে এমন ইঞ্জিন অত্যন্ত প্রয়োজনীয়। কারণ, বর্তমানে মহিলারাও ভারতীয় রেলে লোকো পাইলট হচ্ছেন। তিনি জানিয়েছেন, ‘এই ইঞ্জিনের মূল স্পেসিফিকেশনে একটি স্পেস রাখার উল্লেখ ছিল। কিন্তু, সেখানে ওয়াটারলেস ইউরিনাল থাকবে কি না, তা স্পষ্ট ছিল না। এখন, ভারতীয় রেলের সঙ্গে অ্যাডভান্স লেভেলে আলোচনা হয়েছে। তারা চায় আমরা যেন আমাদের তৈরি করা সমস্ত লোকোমোটিভে ওয়াটারলেস ইউরিনাল অন্তর্ভুক্ত করি।’ তিনি আরও জানান, ‘আমরা যে প্রোটোটাইপ লোকোটি তৈরি করেছি, সেটি ভালো কাজ করেছে।’
এখন থেকে সব ইঞ্জিনে এই ব্যবস্থাটি থাকবে: তিনি জানান যে, মাধেপুরা কারখানায় তৈরি হওয়া সমস্ত নতুন লোকোমোটিভে এখন থেকে এই ব্যবস্থাটি থাকবে। তাঁর মতে, এর আগে তৈরি লোকোমোটিভগুলোতেও এই ব্যবস্থাটি যুক্ত করা হবে। উল্লেখ্য যে, মাধেপুরা লোকোমোটিভ প্ল্যান্ট শক্তিশালী ১২,০০০ হর্সপাওয়ারের লোকোমোটিভ উৎপাদন করে। গত ১৫ অগাস্ট ৬৫০তম লোকোমোটিভটি কারখানা থেকে বের হয়। এই ইঞ্জিনটির চলার গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার। যেটি সহজেই ৬,০০০ টন পর্যন্ত পণ্য টেনে নিয়ে যেতে পারে।













