বাংলা হান্ট ডেস্ক: সোমবার অর্থাৎ ২৪ অগাস্ট IDBI ব্যাঙ্কের শেয়ার (Share Market) হঠাৎ গতি লাভ করে। সোমবার লেনদেনের সময়ে একটা সময়ে এই (IDBI Bank) শেয়ারের দাম ১০.৫৩ শতাংশ বেড়ে সর্বোচ্চ ৯০.৯০ টাকায় পৌঁছে যায়। তবে, বাজার বন্ধের সময় তা সামান্য কমে ৮৮.৫০ টাকায় নেমে আসে। এদিকে, এই উল্লেখযোগ্য উত্থান কোনও একদিনের প্রবণতার কারণে হয়নি। বরং একটি বড় চুক্তির আশার কারণে ঘটেছে। আসলে, বাজারে এমন খবর শোনা যাচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন তথা LIC (Life Insurance Corporation of India) এবং ভারত সরকার শীঘ্রই এই ব্যাঙ্কটিতে থাকা তাদের বড় অংশ বিক্রি করে দিতে পারে।
IDBI-র ব্যাঙ্কের শেয়ারে (Share Market) রকেটের গতি:
একটি বিদেশি কোম্পানির সঙ্গে বড় চুক্তির প্রস্তুতি: জানিয়ে রাখি যে, ইকোনমিক টাইমস-এর একটি রিপোর্ট অনুসারে, সরকার কানাডার ফেয়ারফ্যাক্স ফাইনান্সিয়ালের একটি সংশোধিত প্রস্তাব অনুমোদনের দিকে অগ্রসর হচ্ছে। এই কোম্পানিটিই দীর্ঘদিন ধরে IDBI ব্যাঙ্কের অংশীদারিত্ব অধিগ্রহণের প্রতিযোগিতায় ছিল। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, এই চুক্তির মূল্য ৫ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। এই চুক্তি সফল হলে, এটি হবে এখনও পর্যন্ত কোনো ভারতীয় ব্যাঙ্কে করা সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ। উল্লেখ্য যে, ২০২৬ সালের জুন পর্যন্ত IDBI ব্যাঙ্কে LIC-র ৪৯.২৪ শতাংশ অংশীদারিত্ব, ভারত সরকারের ৪৫.৪৮ শতাংশ অংশীদারিত্ব এবং অবশিষ্ট ৫.২৯ শতাংশ অংশীদারিত্ব সাধারণ জনগণের হাতে রয়েছে।

শেয়ারের পারফরম্যান্স: IDBI ব্যাঙ্কের শেয়ার দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত রিটার্ন দিয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, গত ৫ বছরে স্টকটি ১৪০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। গত ৩ বছরে বিনিয়োগকারীরা ৪৫ শতাংশের বেশি লাভ করেছেন। তবে, গত এক বছরে স্টকটিতে ৬ শতাংশ লোকসানও হয়েছে। ২০২৬-এর ৫ জানুয়ারি এই শেয়ারটি তার ৫২-সপ্তাহের সর্বোচ্চ স্তর ১১৮.৩৮ টাকায় পৌঁছেছিল। এদিকে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ৬১.০১ টাকা। এদিকে, ২০২৬ সালের ২৪ অগাস্ট পর্যন্ত, IDBI ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ৯৪,৩৪১ কোটি টাকা।
আরও পড়ুন: ২৬ অগাস্ট দেশের ১৪ টি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন তালিকা
এই চুক্তিতে নিয়মকানুন বাধা হয়ে দাঁড়াতে পারে: উল্লেখ্য যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI-এর কঠোর নিয়মকানুন এই বড় চুক্তির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে। নিয়ম অনুযায়ী, কোনও একক কোম্পানি ২ টি পৃথক ভারতীয় ব্যাঙ্কের মালিক হতে পারে না। ফেয়ারফ্যাক্স ইতিমধ্যেই CSB ব্যাঙ্কের ৪০ শতাংশ শেয়ারের মালিক। এমতাবস্থায়, IDBI ব্যাঙ্কের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত হলে, ফেয়ারফ্যাক্সকে তার শেয়ার বিক্রি করে দিতে হবে অথবা ব্যাঙ্ক দু’টিকে সংযুক্ত করতে হবে। তবে, কিছু রিপোর্টে এও দাবি করা হয়েছে যে, এই পুরো প্রক্রিয়াটি সমাধান করার জন্য কোম্পানিটি ২ বছর পর্যন্ত সময় পেতে পারে।
আরও পড়ুন: ব্রাজিল ম্যাচের আগে বিশ্বকাপ খেলা আরও এক দলের মুখোমুখি হবে ভারত? বড় ইঙ্গিত ফেডারেশনের
পূর্ববর্তী প্রচেষ্টাগুলি ব্যর্থ হয়েছে: জানিয়ে রাখি যে, এই বিলগ্নিকরণের প্রচেষ্টা নতুন নয়। সরকার ২০১৬ সালে প্রথম IDBI ব্যাঙ্কে অংশীদারিত্ব বিক্রির ঘোষণা দিয়েছিল। তবে, ন্যায্য ভ্যালুয়েশনের অভাবে সেই পরিকল্পনাটি তখন বাস্তবায়িত হতে পারেনি। পরবর্তীকালে, ২০২০ সালে LIC-ও কোম্পানিটিতে তার অংশীদারিত্ব কমিয়ে বর্তমান পর্যায়ে নিয়ে আসে। এখন, বিলগ্নিকরণের জল্পনা আবারও বাজারের উত্তাপ বাড়িয়ে দিয়েছে। এদিকে, ২০২৬ সালের ১৪ জুলাই জারি করা এক বিবৃতিতে ব্যাঙ্কটি জানিয়েছে যে, বিলগ্নিকরণ প্রক্রিয়া চূড়ান্তকরণের বিষয়ে তারা সরকারের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক যোগাযোগ পায়নি। ব্যাঙ্কটি স্টক এক্সচেঞ্জগুলোকে স্পষ্ট করে জানিয়েছে যে, এই আলোচনাগুলিতে তাদের কোনও ভূমিকা নেই।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।













