বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দেবদত্ত পাডিক্কলের পর ভারতের আর এক উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেলের (Dhruv Jurel) শতরানে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) কলম্বো টেস্টে চালকের আসনে ভারতীয় দল (Indian Cricket Team)। অসাধারণ ব্যাটিং করে নিজের দ্বাদশতম টেস্ট ম্যাচে নিজের দ্বিতীয় টেস্ট শতরান তুলে নিয়েছেন তিনি। আর সেই সঙ্গে দর্শকদের উপহার দিয়েছেন একটি মনে রাখার মতো দৃশ্য।
ম্যাচের দ্বিতীয় দিন নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরানটি করা মাত্র এক অভিনব কান্ড করেন জুরেল। নিজের জার্সির হাতা গুটিয়ে তিনি নিজের বাইসেপে আঁকা ট্যাটুটি প্রদর্শন করেন। সেখানে লেখা ছিল ‘জয় জওয়ান, জয় কিষাণ’। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলছিলেন যে এই ট্যাটুর মাধ্যমে হয়তো কোনও প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এই ভারতীয় ক্রিকেটার।

কিন্তু ম্যাচের পর সাক্ষাৎকারে সেই জল্পনায় জল ঢেলে দেন ধ্রুব জুরেল নিজে। তিনি নিজের হাতের এই ট্যাটু সম্পর্কে বলতে গিয়ে বলেন, “আমার বাবা দেশের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। আর আমার ঠাকুরদা ছিলেন একজন সাধারণ কৃষক। আমি কখনোই ভুলতে চাই না আমি কোথা থেকে এসেছি। আমার শিকড়ের কথা মনে রেখে আমি এই ট্যাটু করিয়েছি। আজকের এই উচ্ছ্বাসটা ওদের জন্যই।”
আরও পড়ুন: রোহিত, বিরাট যা পারেননি তাই করে দেখালেন শুভমান গিল! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে তৈরি হলো নতুন ইতিহাস
প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছিলেন গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি। তারপর দ্বিতীয় টেস্টে কলম্বোর মাঠে শতরান করে নিজের স্পিন সামলানোর দক্ষতার প্রমাণ দিয়েছেন জুরেল। এদিন তিনি ব্যাট হাতে ১৭৭ বল খেলে ৯ টি চার ও ২ টি ছক্কা সহ ১১৫ রান করে অপরাজিত থাকেন। ভারত ৫০৩ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করে।
আরও পড়ুন: ধোনি নন, রিশভ পন্থ প্রমাণ করলেন বিদেশের মাঠে তিনিই সেরা ভারতীয় উইকেটরক্ষক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে দিকে থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ২-০ ফলে জিততেই হবে ভারতকে। তাই এই গুরুত্বপূর্ণ সময়ে দলের সকলের ইনিংসকে ছাপিয়ে জুরেলের শতরান আলাদা মাত্রা যোগ করেছে। রিশভ পন্থের চোটের কারণে এখন উইকেটরক্ষকের কাজটাও করছেন ধ্রুব। দিনে দিনে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠার পথে এগোচ্ছেন তিনি।













