বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর বিভিন্ন মেট্রো প্রকল্পের কাজ গতি পেয়েছে। ব্যারাকপুরে খুব শীঘ্রই মেট্রো চলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বরানগর থেকে ব্যারাকপুর অবধি মেট্রো সম্প্রসারণের কাজ নিয়েও সামনে এসেছে বড় আপডেট। এই আবহে ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস অবধি মেট্রো (Barrackpore-Kalyani AIIMS Metro) ছুটতে পারে বলে ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তাঁর বার্তা শোনার পর আশায় বুক বেঁধেছেন অনেকে।
ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস অবধি মেট্রোর ইঙ্গিত অর্জুনের | (Arjun Singh)
সম্প্রতি রাজ্যের পরিবহণমন্ত্রী জানান, মেট্রোর সম্প্রসারণ শুধু বরানগর থেকে ব্যারাকপুর অবধি নয়, আগামী দিনে কল্যাণী এইমস অবধি মেট্রো চলবে। কল্যাণী রোড ধরে মেট্রো রেলকে এইমস অবধি নিয়ে যাওয়া যেতে পারে বলে দাবি করেন তিনি। পাশাপাশি বলেন, ব্যারাকপুর ছাড়া হুগলি, বর্ধমান, বসিরহাট ও মুর্শিদাবাদের লোকজনও যাতে দ্রুত এইমসে পৌঁছতে পারেন সেই চেষ্টা করা হবে।
আরও পড়ুনঃ পুজোর থিমে মুখ্যমন্ত্রী! মণ্ডপে ফুটে উঠবে নন্দীগ্রাম থেকে নবান্নর সফর, রুবির পুজোয় বড় চমক
অর্জুনের কথায়, “ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস হাসপাতাল অবধি যাতে মেট্রো চলে সেই দাবি অনেকের রয়েছে। আমার আশা ভবিষ্যতে এটা হবে। কল্যাণী রোডের উপর দিয়ে যাবে। ওখানে জায়গা রয়েছে। আগেই এই প্রস্তাব দিয়েছি।“
রাজ্যের পরিবহণমন্ত্রী একথা বলার পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন। একজন বলেন, “মেট্রো চললে আমাদের ভীষণ সুবিধা হবে। অনেক তাড়াতাড়ি যেতে পারব। তৃণমূল সরকার এতদিন করেনি। বিজেপি সরকার যদি করে খুব খুশি হব।“

আরেক স্থানীয় বাসিন্দা আবার জানান, যদি সত্যি ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস অবধি মেট্রো চলে তাহলে স্থানীয়রা খুব আনন্দিত হবেন। এলাকায় মেট্রো পরিষেবা চালু হবে স্থানীয়দের প্রচুর উপকার হবে বলে জানান তিনি।
এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে ব্যারাকপুরে খুব দ্রুত মেট্রো চলবে বলে আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই পিঙ্ক লাইনের মেট্রো প্রকল্পে এনওসি দিয়েছে কলকাতা পুরসভা। এবার ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস অবধি মেট্রো পরিষেবা নিয়ে বড় ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।













