Durga Puja 2026 Live Updates

দুর্গাপুজোর অধিকার নিয়ে প্রশ্ন হাইকোর্টের! কোন মামলায় বড় পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের?

Published on:

Published on:

Calcutta High Court's justice questions fundamental rights regarding durga puja
Follow

বাংলা হান্ট ডেস্ক : একটি পুজোর পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে বিতর্ক গড়াল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। ব্যারাকপুরের উত্তর পলাশি সংহতি এলাকার দুর্গাপুজোকে ঘিরে দুই সংগঠনের টানাপড়েনের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, দুর্গাপুজো আয়োজনের অধিকার কি মৌলিক অধিকারের মধ্যে পড়ে? কোনও পক্ষকে পুজো করতে না দেওয়া হলে সংবিধানের সমতার অধিকার লঙ্ঘিত হয় কি না, সেই বিষয়টিও উঠে এসেছে আদালতের আলোচনায়।

দুর্গাপুজো কী মৌলিক অধিকার?প্রশ্ন উঠল হাইকোর্টে (Calcutta High Court)

উত্তর পলাশি সংহতি এলাকার এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের ইতিহাস। প্রায় ৩৩ বছর ধরে মূলত মহিলাদের উদ্যোগে পুজোর আয়োজন হয়ে আসছে বলে মামলার সূত্রে জানা গিয়েছে। কিন্তু বর্তমানে পুজো পরিচালনা নিয়ে দুটি সংগঠনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। আয়োজনের অনুমতি কোন পক্ষ পাবে, তা নিয়েই মতানৈক্য আদালত পর্যন্ত গড়িয়েছে।

শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করেছেন, পুজোর দায়িত্ব কার হাতে থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়া আদালতের কাজ নয়। পুজো আয়োজনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সংশ্লিষ্ট পক্ষগুলিরই দায়িত্ব। কোনও পক্ষ যদি শান্তি বজায় রাখতে না পারে, তা হলে সেই সমস্যার দায় তাদের নিজেদেরই বহন করতে হবে বলে পর্যবেক্ষণ করেছে আদালত।

Calcutta High Court's justice questions fundamental rights regarding durga puja

আরও পড়ুন : আর চিন্তা নেই! মাত্র ৫ টাকা দিলেই মিলছে ‘অন্নপূর্ণা যোজনা’, পুজোর বাজারে এই কেসটা কী?

তবে দুই সংগঠনের বিরোধ যাতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত না করে, সে বিষয়েও সতর্ক আদালত। সম্ভাব্য অশান্তি এড়াতে জেটিয়া থানাকে সংশ্লিষ্ট এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করাই এই নির্দেশের উদ্দেশ্য। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে তৈরি হওয়া বিরোধের নিষ্পত্তি কীভাবে হবে, এখন সেদিকেই নজর।