বাংলা হান্ট ডেস্কঃ আজ মহা চতুর্থী। আর এই শুভ দিনেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্টে (Supreme Court) ঝুলে থাকা বকেয়া ডিএ (Dearness Allowance) মামলা নিয়ে এল বড় সুখবর। পঞ্চম পে কমিশনের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলার শেষ শুনানিতে আট সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত। তবে এদিন জানা গেল মামলার শুনানির দিনক্ষণ এগিয়ে এসেছে।
বকেয়া ডিএ মামলার শুনানি ১৬ই অক্টোবর | Dearness Allowance
যাতে পুজোর আগে কিছুটা হলেও বকেয়া মিটিয়ে দেওয়া হয়, বারংবার সেই দাবি তুলে এসেছেন গ্রান্ট ইন এইড-রা। তবে সুপ্রিম কোর্ট তরফে জানানো হয়েছিল ডিএ মামলাটি ফের সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠবে আগামী ২৭শে অক্টোবর ২০২৬ তারিখে। অর্থাৎ দুর্গাপুজোর পর। যদিও সেই দিনক্ষণ পরিবর্তন হয়েছে বলে এদিন সমাজমাধ্যমে পোস্ট করলেন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
এদিন ফেসবুকে পোস্ট করে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ডিএ মামলাটি ছিল ২৭. ১০. ২৬ তা পরিবর্তণ হয়ে ডিএ মামলা ১৬. ১০.২৬ নিয়ে আসলো সুপ্রিম কোর্ট। একইসাথে কোন কোন বিচারপতির বেঞ্চে উঠবে সেই সংক্রান্ত তথ্যও দিয়েছেন মলয় মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও মাননীয় বিচারপতি চন্দ্রশেখরের বেঞ্চে ডিএ মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। ৫৩ নম্বরে এই মামলাটি লিস্টেড রয়েছে। অর্থাৎ ষষ্ঠীর দিন ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে।
উল্লেখ্য, এতদিন যেই স্পেশাল বেঞ্চে ডিএ মামলাটি চলছিল তার বর্তমান সদস্য বিচারপতি সঞ্জয় ক্যারল অবসর নিয়েছেন সম্প্রতি। সেই কারণে নয়া বেঞ্চে উঠতে চলেছে ডিএ মামলা। এর আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মেটানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে, বকেয়া কত কিস্তিতে কীভাবে মেটানো হবে, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত বিশেষ মনিটরিং কমিটি কমিটিতে কর্মচারী ইউনিয়নের ১০জনকে অনুমোদন দেয় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: দুর্গাপুজোর অধিকার নিয়ে প্রশ্ন হাইকোর্টের! কোন মামলায় বড় পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের?
মনিটরিং কমিটির চেয়ারপার্সন এবং এই কর্মচারীদের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা ছিল। শেষ শুনানিতে আগামী আট সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই পরিপূরক রিপোর্টের ওপর নির্ভর করবে আদালতের পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে এখনও সেই বৈঠক করা যায়নি। এই অবস্থায় সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর থাকবে সকলের। একইসাথে গ্রান্ট ইন এইড-দের বকেয়া ডিএ নিয়ে কী সিদ্ধান্ত হয় সেদিকে তাকিয়ে সরকারি কর্মচারীরা।














