বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলছে বিজেপি (BJP)। তবে তা সত্ত্বেও নতুন সরকারের সাড়ে তিন মাসের মেয়াদে রাজ্যের নানা প্রান্তে অনৈতিকভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে শাসকদলের কারোর বিরুদ্ধেই অভিযোগ। এই পরিস্থিতিতে তোলাবাজি রুখতে পুলিশকে পাশে নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। তোলাবাজি করলে জেলে যেতে হবে, তা স্পষ্ট জানান তিনি।
তোলাবাজদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি মন্ত্রী শঙ্করের | (Shankar Ghosh)
বিগত কয়েকদিনে রাজ্যের অন্যান্য নানা জায়গার মতো শিলিগুড়িতেও তোলাবাজির অভিযোগ উঠেছে। সেই বিষয়টি শঙ্করের কানেও গিয়েছে। সেই কারণে বুধবার কলকাতা থেকে শিলিগুড়ি ফিরেই মাইক হাতে রাস্তায় নেমে পড়েন তিনি। পুলিশকে পাশে নিয়ে কোর্ট মোড়ে গিয়ে বলেন, তোলাবাজি করলে রেহাই নেই। কেউ তোলাবাজি করলে গ্রেফতার করতে হবে। দল-মত নির্বিশেষে সবার জন্য এই নীতি প্রযোজ্য বলে পুলিশ আধিকারিকদের জানান তিনি।
আরও পড়ুনঃ আজ খেল দেখাবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার খবর
শঙ্কর বলেন, “রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। কেউ এসব অনৈতিক কাজ করলে তাঁকে ছেড়ে কথা বলা হবে না। রাজ্য থেকে তোলাবাজ সরকার বিদায় নিয়েছে, এটা মনে রাখবেন। আমাদের আমলে এসব চলবে না।“
মাইক হাতে পর্যটনমন্ত্রী আরও বলেন, কেউ তোলাবাজি করলে পুলিশকে জানানোর পাশাপাশি কেউ তোলা দিতে যাবেন না। পুলিশকে সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখতে বলেছি। কেউ তোলাবাজি করলেই তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি শঙ্কর। সাধারণ নাগরিকরা এই ধরণের কোনও সমস্যায় পড়লে তা সমাধানের জন্য হেল্পলাইনের আদলে একটি ফোন নম্বর দিয়েছেন তিনি। বিজেপির একটি সূত্রে জানা গিয়েছে, ওই নম্বরে ফোন করে কোর্ট মোড় এলাকার কয়েকজন টোটো চালক অভিযোগ জানিয়েছিলেন। তাঁরা দাবি করেন, রাস্তায় টোটো নিয়ে নামলেই টাকা চাওয়া হচ্ছে।

গতকাল কয়েকজন টোটো চালকের সঙ্গে এই নিয়ে কথা বলেন রাজ্যের মন্ত্রী। কেউ তোলা চাইলে না দেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি কেউ তোলাবাজির চেষ্টা করলে পুলিশকে পদক্ষেপও নিতে বলেন।
রাজ্যের পাশাপাশি দলের অন্দরেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে বিজেপি। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার এই নিয়ে নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কিছু অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপও নেওয়া হয়েছে। এবার পুলিশকে পাশে নিয়ে মাইক হাতে রাস্তায় নেমে পড়লেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।













