বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের সময় বহু রাজনৈতিক দলগুলিই নানান কৌশল নিয়ে ময়দানে নামে। উন্নয়ন নিয়ে প্রচারের পাশাপাশি ভোটারদের জন্য সরাসরি আর্থিক সুবিধা বা নানা সরকারি প্রকল্পের ঘোষণা এখন নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। আর এই দৌড়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন মহিলা ভোটাররা। এবার ছাত্রীদের জন্য বড় ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার (State Government)।
ছাত্রীদের জন্য বড় ভাবনা সরকারের (State Government)
বিহার, উত্তরপ্রদেশ এবং দিল্লির সাম্প্রতিক উদাহরণ দেখা গিয়েছে নির্বাচনী রাজনীতি কৌশল। ভোটের ঠিক আগে মহিলাদের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেন নীতীশ কুমার। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘোষণার পর মহিলা ভোটারদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে এনডিএ বাড়তি সুবিধা পেয়েছিল।
এবার নজর উত্তরপ্রদেশে। ২০১৭ সাল থেকে যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের উন্নয়নমূলক কাজের সমন্বয়কেই বিজেপি বারবার প্রচারের সামনে এনেছে। কিন্তু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার উন্নয়নের প্রচারের পাশাপাশি একের পর এক জনমুখী ঘোষণাও সামনে আসছে। মহিলাদের জন্য ইতিমধ্যেই ৫০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ।
পরিকল্পনা অনুযায়ী, শুরুতে দেওয়া হবে ২০ হাজার টাকা। এরপর নির্বাচনে বিজেপি ফের সরকার গঠন করলে মিলবে আরও ৩০ হাজার টাকা। অর্থাৎ, পুরো প্রকল্পের মাধ্যমে একজন মহিলা মোট ৫০ হাজার টাকা পাওয়ার সুযোগ পাবেন। বুধবার আরও একটি বড় ঘোষণা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। স্নাতক স্তরের মেধাবী ছাত্রীদের মধ্যে ৫০ হাজার স্কুটার বিতরণের সিদ্ধান্তের কথা জানান তিনি।
এই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের তরফে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। একইসঙ্গে বয়স্ক মহিলাদের বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।মহিলা ভোটারদের গুরুত্ব যে এখন সব রাজনৈতিক দলের কাছেই বেড়েছে, তার আর একটি উদাহরণ মিলেছে দিল্লিতে। নির্বাচনে জয়ের প্রায় দেড় বছর পর বুধবার আনুষ্ঠানিকভাবে মহিলাদের জন্য মাসে ২,৫০০ টাকা আর্থিক সহায়তার লক্ষ্মী যোজনা চালু হয়েছে। মহিলা-কেন্দ্রিক আর্থিক প্রকল্প রাজনৈতিক আলোচনায় যথেষ্ট গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুন : সুকান্ত মজুমদারকে নিশানা করে পোস্ট! সত্যেন রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বিজেপির
উল্লেখ্য, নির্বাচনী অঙ্কে মহিলা ভোট এখন আর কোনও দলের কাছেই উপেক্ষা করার মতো নয়। উন্নয়নমূলক কাজের প্রচারের পাশাপাশি তাঁদের জন্য আর্থিক সহায়তা, পরিবহণ সুবিধা কিংবা সরাসরি উপহারের ঘোষণা ভোটের আগে রাজনৈতিক দলগুলির অন্যতম বড় কৌশল হয়ে উঠছে। আগামী নির্বাচনে এই মহিলা-কেন্দ্রিক প্রকল্প ও প্রতিশ্রুতিই কতটা ভোটে প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।













