‘একটা ভোটও তো দেননি, তবে সবাই সরকারি সুবিধা পাবেন’, গ্রামবাসীদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

CM Suvendu Adhikari in Nandigram address Minority Village Peoples
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের ইতিহাসের অতীতের বিরাট ভূমিকা পালন করেছে নন্দীগ্রাম (Nandigram)। তাই রাজনৈতিকভাবে এই এলাকা যে বিশেষ গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। বিধানসভা নির্বাচনে পালাবদলের পর ইতিমধ্যেই রাজ্যে ১১৪ দিন পার করে ফেলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপরেই সোমবার নিজের পুরনো বিধানসভা কেন্দ্রে ফিরে একগুচ্ছ নতুন প্রকল্প ঘোষণা করেছেন তিনি। একই সাথে সোমবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এক অভিনব রাজনৈতিক বার্তা দিয়েছেন তিনি ।

ভোট দেন না ঠিক আছে,আমি তো সকলের মুখ্যমন্ত্রী : শুভেন্দু অধিকারী

নিজেকে সকলের মুখ্যমন্ত্রী দাবি করে শুভেন্দু অধিকারী এদিন বললেন, ‘সংখ্যালঘু গ্রামগুলো একটা ভোটও তো আমাকে দেননি। আজকে বাড়িতে টাকা নিয়ে যান আনন্দ করতে করতে। আর আয়ুষ্মান ভারতের কার্ডটা নিয়ে যাবেন ।আপনাদের আগের যিনি বিতাড়িত, পরাজিত মুখ্যমন্ত্রী তাঁর আমলে ভুয়ো স্বাস্থ্যসাথীর কার্ড ছিল। ১৭০০ হাসপাতালে সুযোগ পেত বাংলা। আমাদের আয়ুষ্মান আর প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা এই দুটো ১৯০০ সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল রাজ্যে সুযোগ তো পাবেনই। ‘

সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন বললেন, ‘নন্দীগ্রাম এক নম্বর ব্লকে ১৮২০০ পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন। যার মধ্যে আবার দশ হাজার এমন লোক আছেন যারা কোনদিন আমাকে ভোট দেয়নি। আর নন্দীগ্রাম ২-এ বারো হাজার আছে মোট ৩০ হাজার। কেউ হায়দ্রাবাদে থাকেন, কেউ ভুবেনশ্বর থাকেন, কেউ পুনেতে থাকেন, কেউ থাকেন নাগপুরে। দর্জির কাজ করেন আর ভোটের সময় এসে বলেন শুভেন্দু তো হিন্দুদের পার্টি। ওকে ভোট দেওয়া যাবে না। ভোট দেন না ঠিক আছে,আমি তো সকলের মুখ্যমন্ত্রী।’

আরও পড়ুনঃ ‘সবে মোছা শুরু হয়েছে, এরপর অনেক কিছুই হবে’, যাদবপুর প্রসঙ্গে সাফ জানালেন মুখ্যমন্ত্রী

পাশপাশি রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘আপনি এবারে নাগপুরে, সুরাটে, হায়দ্রাবাদে,ভুবেনশ্বরে, সিএমসি ভেলোরে, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, ব্যাঙ্গালোরে, ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে, চণ্ডীপুর পিজিআইতে, দিল্লীর এইমস, ভুনেশ্বরের এইমস সব জায়গায় ৫ লাখ টাকা পর্যন্ত ফ্রী চিকিৎসা পাবেন।’

অন্যদিকে রাজ্যের প্রাক্তন শাসক দলকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘এটাই আগের সরকারের সাথে, আমাদের সরকারের তফাৎ।’ শুভেন্দুবাবু জানলেন, ১৬ ই আগস্ট থেকে আজ ৩১ আগস্ট পর্যন্ত এখনও অব্দি বিজেপি সরকারের চালু করা কার্ডে, আয়ুষ্মান ভারত যোজনায় উপকৃত হয়েছেন মোট ১৬,৮০০ জন গ্রাহক।

সবশেষে রাজ্যবাসীর উদ্দেশ্যে নন্দীগ্রাম বাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বললেন, ‘আপনারা নিশ্চিন্তে থাকুন হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামকে জোড়ার ব্রিজের কাজ এগিয়ে দিয়েছি। ভুমি পূজনেও আমি আসব, আর ব্রিজের উপরে প্রথম গাড়িটা নিয়ে আমিই যাব। আগের মুখ্যমন্ত্রী প্রাক্তন একুশে হেরে গিয়েছিলেন বলে নন্দীগ্রামে রেল আটকে রেখেছিলেন। মাত্র ৬ একর জায়গা। আমরা অলরেডি সাড়ে তিন একর জায়গা রেলকে দিয়ে দিয়েছি। বাকিটাও দিয়ে দেব। ‘ একইসাথে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী মার্চ মাসের মধ্যে হরিপুর বা নন্দীগ্রাম বরতলা স্টেশন থেকে ট্রেন চালুর চলাচল শুরু হবে।