বাংলা হান্ট ডেস্ক : নতুন শিক্ষাবর্ষে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে আরও বেশি বিষয়ে পড়াশোনার সুযোগ তৈরি হতে চলেছে। প্রশাসনিক বৈঠক থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেই আশ্বাসই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বালুরঘাটে জেলার প্রশাসনিক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি তুলে ধরেন উপাচার্য। তাঁর বক্তব্য শোনার পরই বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)
বিশ্ববিদ্যালয়ের তরফে সাতটি নতুন বিষয়ের অনুমোদনের জন্য যে আবেদন করা হয়েছে, তা নিয়ে উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কথা বলবেন বলে জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, এই বিশ্ববিদ্যালয় মাত্র তিনটি বিষয় নিয়ে একটি পুরনো বাড়িতে চলছে। সাতটি নতুন বিষয়ের আবেদন উচ্চশিক্ষা দপ্তরে পড়ে রয়েছে। এখানকার উপাচার্য খুবই ডায়নামিক মানুষ। আমি উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত অনুমোদনের ব্যবস্থা করব।
জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তির শেষ দিন। প্রয়োজনে এখানে আরও একমাস সময় বাড়িয়ে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থায়ী ঠিকানা তৈরির বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মাহিনগরে বিশ্ববিদ্যালয়ের জন্য ১১ একর জমি বরাদ্দ করা হয়েছে। কিন্তু ওই জমির খুব কাছেই বিমানবন্দর থাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।
বিমানবন্দরের কারণে ভবনের উচ্চতা নিয়ে যাতে ভবিষ্যতে কোনও বিধিনিষেধ বা সমস্যা না হয়, সেই দিকটি বিবেচনা করেই নির্মাণ পরিকল্পনা করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় ২০০ কোটি টাকা প্রয়োজন। আমরা রাজ্য সরকার থেকে টাকা দেব। রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যসভার সাংসদদের কাছ থেকেও অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন : শর্মিষ্ঠার খোঁজে শেষ ভরসা DNA! নেপালে নিখোঁজের ৮ দিন পর বড় পদক্ষেপ
মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্বস্তি পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য প্রণব ঘোষ বলেন, “আমার কথা মুখ্যমন্ত্রী মন দিয়ে শুনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমরা খুবই আনন্দিত।” একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস পেল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। ফলে দীর্ঘদিনের সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পর্বের পথ অনেকটাই সহজ হতে চলেছে বলেই মনে করছে শিক্ষা মহল।













