সিন্ধু জলচুক্তি স্থগিতের আবহেই পাকিস্তানকে ফের কড়া বার্তা? লাদাখে পাথুরে বাঁধ বসাল ভারত

Published on:

Published on:

India builds rock dam in Ladakh to contain Pakistan amid suspension of Indus Waters Treaty.
Follow

বাংলাহান্ট ডেস্ক: পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত (India)-পাকিস্তান (Pakistan) সম্পর্কের টানাপোড়েন আরও তীব্র হয়েছে। সেই আবহেই সিন্ধু জলচুক্তি (Indus Waters Treaty) স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। পাকিস্তানের তরফে চুক্তি নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মহলে যাওয়ার চেষ্টা হলেও দিল্লি নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। এমন পরিস্থিতির মধ্যেই লাদাখের লেহ এলাকায় সিন্ধু নদের উপনদী উপসি-তে তৈরি হয়েছে একটি পাথুরে বাঁধ। কোনও সিমেন্ট ব্যবহার না করে প্রাকৃতিক বড় বড় পাথর বা বোল্ডার সাজিয়েই তৈরি করা হয়েছে এই বাঁধ। স্থানীয়ভাবে এর ফলে জলস্তর প্রায় ১০ ফুট পর্যন্ত বেড়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। সবচেয়ে বড় সুবিধা হয়েছে এলাকার কৃষকদের, যাঁদের দীর্ঘদিন ধরে বসন্তকালে চাষের জন্য পর্যাপ্ত সেচের জল পেতে সমস্যায় পড়তে হত।

সিন্ধু জলচুক্তি স্থগিতের আবহেই পাকিস্তানকে জব্দ করতে লাদাখে পাথুরে বাঁধ বসাল ভারত (India):

লাদাখের এই উদ্যোগের গুরুত্ব বুঝতে হলে এলাকার ভৌগোলিক পরিস্থিতির কথাও মাথায় রাখতে হবে। বসন্তে বীজ বোনার সময় সিন্ধু নদ অনেকটা নিচে গভীর গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ায় সেখান থেকে সরাসরি জল তুলে কৃষিজমিতে পৌঁছে দেওয়া সহজ ছিল না। মরশুমি জলপ্রবাহের ওঠানামা এবং জল ব্যবহারের নানা সীমাবদ্ধতার কারণে বছরের পর বছর স্থানীয় কৃষিজমির একটা অংশ পর্যাপ্ত সেচের অভাবে শুকিয়ে থাকত। এর প্রভাব পড়ত কৃষকদের আয়ের উপরও। নতুন বাঁধ সেই সমস্যার কিছুটা সমাধান করছে বলে দাবি করা হচ্ছে। বাঁধটিতে প্রায় ৪০ মিলিয়ন লিটার জল ধরে রাখা যায় এবং ‘ইগু ফে’ সেচ খালের মাধ্যমে সেই জল আশপাশের শুষ্ক কৃষিজমিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে (India)।

আরও পড়ুন: নেপালে উদ্ধার আরও ৩ জন ভারতীয়! এখনও নিখোঁজ ২৭৫, কী জানাল বিদেশ মন্ত্রক?

এই প্রকল্পকে অবশ্য শুধুমাত্র স্থানীয় সেচ ব্যবস্থার উন্নতি হিসেবে দেখছে না সংশ্লিষ্ট মহল। ভারত যখন সিন্ধু জলচুক্তি কার্যত স্থগিত রেখেছে, তখন সিন্ধু অববাহিকার উজানের এলাকায় জল ধরে রাখার মতো ছোট পরিকাঠামো তৈরি করার বিষয়টি কৌশলগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দিল্লি আগেই জানিয়েছে, সন্ত্রাস ও জলপ্রবাহকে একইভাবে চলতে দেওয়া যায় না। ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং সন্ত্রাসবাদ নিয়ে ভবিষ্যৎ পরিস্থিতির উপর নির্ভর করে সিন্ধুর জল নিয়ে ভারতের অবস্থান আরও কঠোর হতে পারে—এমন ইঙ্গিতও রাজনৈতিক মহলে রয়েছে। উপসি নদীর বাঁধ সেই বৃহত্তর অবস্থানের সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা SCO সম্মেলনে সিন্ধুর জল নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। এর আগেও পাকিস্তানের পক্ষ থেকে সিন্ধু জলচুক্তি নিয়ে নানা ধরনের বক্তব্য এবং হুঁশিয়ারি এসেছে। চুক্তি সংক্রান্ত বিরোধ নিয়ে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়ার দ্বারস্থও হয়েছে ইসলামাবাদ। তবে সেই প্রক্রিয়ায় দেওয়া সিদ্ধান্তকে ভারত গ্রহণ করেনি। ফলে জল নিয়ে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন এখনও অব্যাহত। এই পরিস্থিতিতে লাদাখে জল সংরক্ষণ ও সেচ পরিকাঠামো গড়ে তোলার পদক্ষেপ পাকিস্তানের জন্য আলাদা বার্তা বহন করছে বলেই মনে করা হচ্ছে।

India builds rock dam in Ladakh to contain Pakistan amid suspension of Indus Waters Treaty

আরও পড়ুন: বিশ্বজুড়ে বাঙালিকে পুজোয় জুড়তে বড় উদ্যোগ, ৭ সেপ্টেম্বর বৈঠকে নতুন পরিকল্পনা

উপসি-র এই বাঁধকে প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে লাদাখ প্রশাসন। জানা গিয়েছে, সিন্ধু নদ ও তার আশপাশের এলাকায় একই ধরনের আরও চেক ড্যাম তৈরির পরিকল্পনা রয়েছে। কয়েকটি জায়গায় ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে, আবার কিছু প্রকল্প এখনও বাস্তবায়নের অপেক্ষায়। এর ফলে একদিকে যেমন পাহাড়ি এলাকার কৃষকদের সেচের জলের সমস্যা কমানোর চেষ্টা হচ্ছে, তেমনই বর্ষা বা মরশুমি জলপ্রবাহকে স্থানীয় প্রয়োজন অনুযায়ী ধরে রাখার সুযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ সীমান্তবর্তী লাদাখে জল ব্যবস্থাপনা এখন শুধু কৃষির প্রয়োজন মেটানোর বিষয়েই সীমাবদ্ধ থাকছে না; ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এটি ধীরে ধীরে বৃহত্তর কৌশলগত গুরুত্বও পাচ্ছে (India)।