বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কাজ সাধারণ মানুষের কাছে আরও সহজ করে তুলতে এবার বাংলার ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Government)। ১ সেপ্টেম্বর থেকেই সরকারি কাজ এবং মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলাকে বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি চিঠি, নথি, বিজ্ঞপ্তি, আদেশনামা ও রিপোর্টের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময়ও বাংলা ব্যবহার করতে বলা হয়েছে।
West Bengal Government : সাধারণ মানুষের সঙ্গে বাংলায় কথা বলতে হবে
সরকারি দফতরে কেউ আবেদন করলে তা নেওয়া, তার উত্তর দেওয়া এবং পরিষেবা সংক্রান্ত তথ্য দেওয়ার সময় বাংলাকে অগ্রাধিকার দিতে হবে। অভিযোগ নেওয়া থেকে তার সমাধান পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে বাংলায় যোগাযোগ রাখতে হবে। পুলিশ-সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ক্ষেত্রেও এই নির্দেশ মানতে হবে। শুধু সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ নয়, দফতরের ভিতরের কাজেও ধীরে ধীরে বাংলা ব্যবহার বাড়ানো হবে। সরকারি চিঠি, আবেদন, নথি, বিজ্ঞপ্তি এবং রিপোর্ট বাংলায় তৈরি করার উপর জোর দেওয়া হয়েছে।
তৈরি হবে নতুন কমিটি
এই কাজ ঠিকমতো হচ্ছে কি না, তা দেখার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্যস্তরে একটি কমিটি তৈরি হবে। প্রতিটি দফতর ও জেলাতেও আলাদা কমিটি থাকবে। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগ পুরো কাজটি দেখবে। পাশাপাশি তৈরি হবে ‘পশ্চিমবঙ্গ সরকারি ভাষা কমিটি’। প্রয়োজন হলে পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির সাহায্যে অনুবাদ ও ভাষার কাজ করা হবে।
বাংলায় সরকারি কাজ চালানোর জন্য কম্পিউটার, অনলাইন পরিষেবা, নথি সংরক্ষণ ও অনুবাদ ব্যবস্থাতেও প্রয়োজনীয় পরিবর্তন করা হবে। দরকার হলে বাংলা জানা কর্মী, অনুবাদক, মুদ্রাক্ষরিক, সংশোধন-পাঠক ও ভাষা বিশেষজ্ঞ নিয়োগ করা হবে।
নির্দেশ জারির তিন মাসের মধ্যে প্রতিটি দফতরকে নিজেদের ব্যবস্থা নিয়ে সমীক্ষা করতে হবে। কতজন বাংলা জানা কর্মী রয়েছেন, কম্পিউটার ও নথির ব্যবস্থায় কী পরিবর্তন দরকার, কী প্রশিক্ষণ লাগবে এবং অতিরিক্ত টাকা প্রয়োজন কি না, সবই দেখা হবে। কর্মীদের বাংলায় নথি তৈরি ও সাধারণ মানুষের সঙ্গে বাংলায় কথা বলার প্রশিক্ষণও দেওয়া হবে। প্রতিটি দফতর ও জেলা প্রশাসনকে প্রতি মাসে কাজের রিপোর্ট পাঠাতে হবে।

আরও পড়ুনঃ ‘জ্ঞান না দিয়ে নিজের বুথ দেখুন!’ ফেসবুক বিপ্লবীদের কড়া ‘দাওয়াই’ সিপিএমের একমাত্র বিধায়কের
সরকারের (West Bengal Government) লক্ষ্য একটাই- সাধারণ মানুষের ভাষায়, সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবা আরও সহজ করা।













