বাংলা হান্ট ডেস্ক : অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশ ঘিরে কেন্দ্রীয় সরকারী কর্মীদের (Government Employees) মধ্যে প্রত্যাশা ক্রমেই বাড়ছে। শুধু বেসিক পে নয় নতুন কাঠামোর সঙ্গে বাড়িভাড়া ভাতা বা HRA-তেও পরিবর্তন আসতে পারে। লেভেল ৭-এর কর্মীদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামো কার্যকর হলে মাসিক প্রাপ্তির অঙ্কে কতটা পরিবর্তন হতে পারে, তা নিয়ে শুরু হয়েছে হিসাব-নিকাশ।
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কোন কর্মচারীদের বেশি লাভ ?
HRA-র হিসেব সরাসরি কর্মীর বেসিক পে-র সঙ্গে যুক্ত। পাশাপাশি কর্মী কোন শহরে কর্মরত, সেটিও এখানে গুরুত্বপূর্ণ। কেন্দ্রের শ্রেণিবিন্যাসে শহরগুলিকে মূলত X, Y এবং Z—এই তিন ভাগে ভাগ করা হয়েছে। সেই অনুযায়ী বর্তমানে HRA-র হার যথাক্রমে ৩০ শতাংশ, ২০ শতাংশ এবং ১০ শতাংশ। এই শ্রেণিবিভাগের মধ্যে দেশের বড় মেট্রো শহরগুলি রয়েছে X-এর তালিকায়। দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ তার মধ্যে পড়ে। ৫ থেকে ৫০ লক্ষ জনসংখ্যার সীমার মধ্যে থাকা শহরগুলি Y শ্রেণিভুক্ত, আর অন্যান্য ছোট শহর Z ক্যাটাগরির অন্তর্ভুক্ত।
এখন যদি অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ৩ ধরা হয়, তাহলে লেভেল ৭-এর বর্তমান বেসিক পে বেড়ে ১,৩৪,৭০০ টাকা হতে পারে। সেই নতুন বেসিকের উপর বর্তমান HRA-র হার প্রয়োগ করলে X শ্রেণির শহরে মাসিক বাড়ি ভাড়া ভাতা হতে পারে ৪০,৪১০ টাকা। Y ক্যাটাগরিতে ২৬,৯৪০ টাকা ও Z ক্যাটাগরির শহরে ১৩,৪৭০ টাকা।
তবে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্য একটি সম্ভাব্য হিসাব ২.৫ ফিটমেন্ট ফ্যাক্টর ধরেও করা হচ্ছে। সে ক্ষেত্রে লেভেল ৭-এর বেসিক পে হবে ১,১২,২৫০ টাকা। তার ভিত্তিতে X, Y ও Z শহরের জন্য HRA যথাক্রমে ৩৩,৬৭৫ টাকা, ২২,৪৫০ টাকা এবং ১১,২২৫ টাকা হতে পারে। অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর বদলালেই কর্মীর বেসিক এবং তার সঙ্গে যুক্ত ভাতার অঙ্কেও উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে।
ফিটমেন্ট ২ হলে আবার হিসাব নেমে আসবে অন্য জায়গায়। এই পরিস্থিতিতে বেসিক পে দাঁড়াতে পারে ৮৯,৮০০ টাকা। তখন ৩০, ২০ ও ১০ শতাংশের হারে X, Y এবং Z শ্রেণির শহরের কর্মীদের HRA হবে যথাক্রমে ২৬,৯৪০ টাকা, ১৭,৯৬০ টাকা ও ৮,৯৮০ টাকা।
কমিশন শেষ পর্যন্ত কোন ফিটমেন্ট ফ্যাক্টর সুপারিশ করে এবং সরকার সেটি কতটা গ্রহণ করে, তার উপরই নতুন বেসিক পে নির্ভর করবে। এরপর সেই বেসিকের ভিত্তিতে HRA-সহ অন্যান্য ভাতার প্রকৃত হিসাব সামনে আসবে।

আরও পড়ুন : সামান্য টাকা জমালেই মিলবে মোটা রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমটাই খুঁজছেন আপনি
অষ্টম বেতন কমিশনের রিপোর্ট নিয়েও কর্মীদের আগ্রহ কম নয়। বর্তমান অনুমান অনুযায়ী, আগামী বছরের মে বা জুনের মধ্যে কমিটি সরকারের কাছে সুপারিশ পেশ করতে পারে। এরপর রিপোর্ট পরীক্ষা করে দেখবে কেন্দ্র। মন্ত্রিসভার অনুমোদনের পরেই কার্যকর করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন যে হিসেব করা হয়েছে, সেগুলি সম্ভাব্য হিসাব—চূড়ান্ত বেতন স্লিপ নয়। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলে বেসিক পে এবং তার সঙ্গে সম্পর্কিত ভাতায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।













