বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য বড় খবর। দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের চা-বাগান শ্রমিকদের ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ২০ শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। আগামী ৫ অক্টোবরের মধ্যে শ্রমিকদের বোনাসের টাকা দিয়ে দিতে বলা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উত্তরবঙ্গের লক্ষাধিক চা শ্রমিক এবং তাঁদের পরিবার উপকৃত হবেন বলে দাবি করা হয়েছে।
West Bengal Government : পুজোর আগেই মিলবে ২০% বোনাস
রাজ্য সরকারের (West Bengal Government) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। তিনি জানিয়েছেন, চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩১ অগস্ট শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের কাছে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার দাবি জানিয়েছিলেন তিনি। তাঁর দাবি, সেই আবেদনের পর দ্রুত ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার।
রাজু বিস্তার বক্তব্য, দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের মানুষের জীবনের সঙ্গে চা শিল্পের সম্পর্ক খুবই গভীর। এই শিল্পের উপর হাজার হাজার পরিবার সরাসরি ও পরোক্ষভাবে নির্ভর করে। পুজোর আগে বোনাসের টাকা হাতে এলে সেই পরিবারগুলির আর্থিক চাপ কিছুটা কমবে বলেই মনে করছেন তিনি।
সরকারি নির্দেশ অনুযায়ী, ৫ অক্টোবরের মধ্যে চা-বাগানের শ্রমিকদের বোনাস দিয়ে দিতে হবে। ফলে বোনাস কবে মিলবে, তা নিয়ে শ্রমিকদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়, এবার তা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে।
তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাজু বিস্তা। তাঁর দাবি, সেই সময়ে চা শ্রমিকদের বোনাস নিয়ে প্রায়ই টালবাহানা হত। অনেক বছরই একসঙ্গে পুরো বোনাস না দিয়ে কয়েক দফায় টাকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘সরকারের আর্থিক অবস্থা ভালো নয়’, বিগত সরকারদের দুষলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
তিনি আরও দাবি জানিয়ে বলেন, বোনাস নিয়ে অনিশ্চয়তার কারণে শ্রমিকদের বারবার আন্দোলন ও বিক্ষোভে নামতে হত। নিজেদের ন্যায্য পাওনা পেতে তাঁদের আবেদনও করতে হত। রাজু বিস্তার কথায়, এমন পরিস্থিতি হওয়া উচিত নয়। শ্রমিকদের প্রাপ্য টাকা পাওয়ার জন্য বারবার আন্দোলন যাতে করতে না হয়, ভবিষ্যতে সেই ব্যবস্থা নিশ্চিত করাই দরকার (West Bengal Government)।













