মহালয়ায় ইডেনে মহাধামাকা! ১০ হাজার ঢাকের তালে পুজোর উদ্বোধন, চক্ষুদান করতে পারেন মোদী

Published on:

Published on:

What is being planned for the Durga Puja Ceremony at Eden?
Follow

বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপুজোর সূচনাই ইডেন গার্ডেন্সে মেগা আয়োজন (Durga Puja Ceremony)। রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজোকে একসঙ্গে সামনে এনে দেবীপক্ষের শুরুতেই বড়সড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। এমনকি তাঁর হাত দিয়ে দেবীর চক্ষুদানের ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্যের ক্রীড়া দফতর ইডেন গার্ডেন্স ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে।

দুর্গাপুজোকে কেন্দ্র করে ইডেন গার্ডেন্সে বিরাট আয়োজন (Durga Puja Ceremony)

মূল অনুষ্ঠান হওয়ার কথা ১০ অক্টোবর, অর্থাৎ মহালয়ার দিন। তবে শুধু ওই একটি দিনের জন্য নয়, প্রায় তিন সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি করার উদ্দেশ্যে ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের পরিকল্পনা অনুযায়ী, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার বিভিন্ন জেলার লোকসংস্কৃতি, নৃত্য এবং ঐতিহ্যকে এক জায়গায় তুলে ধরার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

রেড রোড থেকে শুরু করে ইডেন পর্যন্ত একাধিক আয়োজনের মাধ্যমে গোটা অনুষ্ঠানকে উৎসবের আবহে সাজানোর পরিকল্পনা রয়েছে। রেড রোডে প্রস্তাবিত শোভাযাত্রায় রাজ্যের ২৩টি জেলার শিল্পীরা নিজেদের এলাকার ঐতিহ্যবাহী পরিবেশনা নিয়ে অংশ নেবেন। এক অনুষ্ঠানের মঞ্চে কার্যত গোটা বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা হচ্ছে।

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রবেশের সময়ে প্রায় এক হাজার মহিলার উলুধ্বনির সঙ্গে থাকবে ১০ হাজার ঢাকের বাদ্যি। স্টেডিয়াম পরিক্রমার সময় পুজোর গান পরিবেশন করার কথা শ্রেয়া ঘোষালের। এর আগে রেড রোডে হবে শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হচ্ছে আলো ও প্রযুক্তির বিশেষ প্রদর্শনী। ‘মা আসছে’ ভাবনাকে কেন্দ্র করে থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিংয়ের মাধ্যমে দেবীর আগমন ও দুর্গাপুজোর আবহ তুলে ধরা হবে। বিকেল ৪টে থেকে শুরু হওয়ার কথা মূল কর্মসূচির।

ইডেনের এই আয়োজনের তাৎপর্য আরও বাড়ছে প্রধানমন্ত্রীকে ঘিরে। বিষয়টি নিয়ে CAB প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “১০ অক্টোবর মহালয়া উপলক্ষ্যে ইডেন গার্ডেন্সে আসবেন প্রধানমন্ত্রী। এটা আমাদের কাছে অবশ্যই একটা বড় প্রাপ্তি। খেলা বাদ দিয়ে ইডেন গার্ডেন্স এই ধরনের অনুষ্ঠান অনেকদিন পরে হচ্ছে। এমন অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রী থাকছেন, উনি খেলা ভালবাসেন। আমার সঙ্গে একাধিকবার কথা হয়েছে নানা বিষয় নিয়ে।”

What is being planned for the Durga Puja Ceremony at Eden?

আরও পড়ুন : সেপ্টেম্বরেই মিলবে পুজোর বোনাস! ঘোষণা মন্ত্রী অর্জুনের, কারা পাবেন জানুন

অনুষ্ঠানের ব্যাপ্তি নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, “আমি এই ধরনের একটা ইভেন্ট ২০২০ সালে আমেদাবাদে দেখেছিলাম। সেখানে প্রাইম মিনিস্টার অফিস থেকে আমায় বিশেষ আমন্ত্রণ পাঠানো হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, অমিত শাহ ছিলেন। পুরো স্টেডিয়াম ভর্তি মানুষ ছিল। যদিও সেটা দিনের বেলা হয়েছিল। তবে ইডেনের মহালয়ার অনুষ্ঠানটি সন্ধ্যায় হবে। আলো, ড্রোন, সব মিলিয়ে আশা করি এটি সত্যিই দেখার মতো একটি আয়োজন হতে চলেছে।” সবচেয়ে বড় পরিকল্পনা হল, ইডেনের মঞ্চকে কেন্দ্র করেই রাজ্যের প্রায় ১০ হাজার দুর্গাপুজোর উদ্বোধন করা। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হাত ধরে একইসঙ্গে বিভিন্ন প্রান্তের পুজোর সূচনা করার ভাবনা রয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সের চেহারায় আমূল পরিবর্তন দেখা যাবে।