বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর আগে সিপিআইএমের বুক স্টল নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে পুজো কমিটিগুলির উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, তথাকথিত কমিউনিস্টরা শারদ উৎসবের জায়গায় দুর্গাপুজো না লিখলে স্টল করতে দেবেন না। এবার এই নিয়ে পাল্টা বড় বার্তা দিলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya)। তিনি স্পষ্ট জানান, শারদোৎসব বলেই তাঁরা বুক স্টল করবেন।
বুক স্টল নিয়ে মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পাল্টা দিলেন বিকাশ | (Bikashranjan Bhattacharya)
বুল স্টল বিতর্ক নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে বিকাশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সেই সময় বর্তমান রাজ্য সরকারের ‘বুদ্ধি’ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে জানতে চান, “চিরকালই শারদীয়া দুর্গাপূজা লেখা হয়। শারদোৎসবের সঙ্গে দুর্গাপুজোর সংঘর্ষ কোথায়?”
আরও পড়ুনঃ ‘আমার বিশ্বাস শর্মিষ্ঠারা সুস্থ আছে…’! নেপাল বিপর্যয়ে স্ত্রীর নিখোঁজ হওয়া নিয়ে বড় বার্তা শুভ্রাংশুর
প্রবীণ সিপিআইএম নেতা বলেন, “যত দিন যাচ্ছে, তত এই সরকারের মূর্খতার পরিধিও বাড়ছে। শারদোৎসব মানে হল শরৎকালে যে উৎসবগুলি হয় সেগুলি। এর মধ্যে দুর্গাপুজোও একটা। এটা তো রবীন্দ্রনাথের কথা। এখন এদের তো নিজস্ব কোনও বোধবুদ্ধি নেই। নাগপুর থেকে ওদের যা বলে এরা সেটাই বলেন।“
এই বিষয়ে নিজের ছেলেবেলার প্রসঙ্গ টেনে বিকাশ বলেন, সেই সময়ও তাঁরা ‘শারদীয়া দুর্গাপূজা’ বলেই বিল কেটে পুজোর চাঁদা তুলতে বেরোতেন। তিনি স্পষ্ট জানান, তাঁরা বুক স্টল করছেন এবং করবেন। শারদোৎসব বলেই বুক স্টল করবেন বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি সরকারকে নিশানা করে বাম নেতা বলেন, উলঙ্গ নাগা সন্ন্যাসী নিয়ে যারা বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করেন, তাঁদের বোধবুদ্ধিও নাগা সন্ন্যাসীর মতো উলঙ্গই। এর বাইরে কিছুই নয়। সেই কারণেই এসব করছেন।

এরপর সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বিকাশ বলেন, “সরকারের কোনও অধিকার নেই। তাঁরা যদি কোনও রকম বিধিনিষেধ আরোপ করে, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত যে কঠোর পদক্ষেপ নেওয়া যায়, সেটাই হবে।“
প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় রাজ্যের নানা প্রান্তে বামেদের তরফে বুক স্টল দেওয়া হয়। তবে গতকাল পুজো কমিটিগুলির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, শারদোৎসবের জায়গা দুর্গাপুজো না লেখা হলে যেন তাঁদের স্টল করতে না দেওয়া হয়। এবার তার পাল্টা দিলেন বিকাশ। শারদোৎসব বলেই বুক স্টল করবেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।













