বাংলা হান্ট ডেস্ক : নন্দীগ্রামের উপনির্বাচনে (Nandigram By Election) এখনও প্রার্থী নিয়ে ধোঁয়াশা কাটেনি অধিকাংশ দলের। সেই জায়গায় অনেকটাই এগিয়ে গেল কংগ্রেস। অন্য দলগুলি যখন সম্ভাব্য নাম নিয়ে আলোচনা ও সাংগঠনিক প্রস্তুতিতে ব্যস্ত, তখনই নন্দীগ্রামের জন্য নিজেদের প্রার্থীর নাম প্রকাশ করে দিল তারা। স্থানীয় কংগ্রেস নেতা মিলন প্রধানকেই এবার ভোটের লড়াইয়ে নামানোর সিদ্ধান্ত নিয়েছে দল।
নন্দীগ্রামের উপনির্বাচনে (Nandigram By Election) কংগ্রেসের প্রার্থী কে ?
নন্দীগ্রামের বাসিন্দা মিলনের একনিষ্ঠ কংগ্রেসকর্মী হিসেবে পরিচিতি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দলের সংগঠনের সঙ্গে যুক্ত।ফলে বহুদিন পর এই কেন্দ্রে কংগ্রেসের তরফে প্রার্থী হিসেবে স্থানীয় মুখকেই বেছে নেওয়া হল। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলগুলির তুলনায় প্রার্থী ঘোষণার দিক থেকেও প্রথম পদক্ষেপ নিল কংগ্রেস।
এদিকে নন্দীগ্রামের ভোটকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরেও তৈরি হয়েছে আলাদা সমীকরণ। কমিশনে প্রতীক সংক্রান্ত বিষয়টির এখনও নিষ্পত্তি হয়নি। চলতি সপ্তাহে সেই জট কাটার সম্ভাবনা রয়েছে। কমিশনের তরফে বৈঠকের ডাক আসার পর নব তৃণমূল শিবির প্রার্থী নির্বাচন নিয়ে আলোচনায় বসে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বাধীন ওই শিবিরে প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু হয়েছে। তবে অন্য তৃণমূল শিবিরের ছবিটা এখনও স্পষ্ট নয়। পবিত্র কর থেকে আবু তাহের—একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত নেতাদের অনেকেই এবার দলীয় প্রতীকে ভোটে দাঁড়াতে আগ্রহ দেখাচ্ছেন না বলে খবর। ফলে কালীঘাটপন্থী তৃণমূল নন্দীগ্রামের ময়দানে শেষ পর্যন্ত কাকে নামাবে, তা এখনও প্রকাশ্যে আসেনি।
প্রার্থী বাছাইয়ের পাশাপাশি বিজেপিও নন্দীগ্রামে সংগঠনকে চাঙ্গা করতে শুরু করেছে। রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ে সম্প্রতি দলের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক হয়। গেরুয়া শিবিরে এখনও অবশ্য প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। নন্দীগ্রামের স্থানীয় নেতাদের মধ্য থেকেই কাউকে বেছে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। দলের জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল এবং জেলা সহ সভাপতি অঞ্জন ভারতী ও প্রলয় পালের নাম সম্ভাব্য প্রার্থীর তালিকায় ঘুরছে।

আরও পড়ুন : হাওড়া-ব্যান্ডেল-বর্ধমান শাখায় রবিবার বাতিল বহু লোকাল, জেনে নিন কোনগুলি
বামেদের ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। নন্দীগ্রামে গিয়ে ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতি বৈঠক করেছেন সিপিএমের রাজ্য নেতা রবীন দেব। নন্দীগ্রামের ভোটযুদ্ধে কংগ্রেস ইতিমধ্যেই নিজেদের মুখ ঘোষণা করে ফেললেও বিজেপি, বাম এবং তৃণমূলের দুই শিবিরে এখনও চলছে শেষ মুহূর্তের অঙ্ক। কে কাকে প্রার্থী করে, তার উপরই আগামী দিনে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রের লড়াই আরও জমে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।













