বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকেই জনসংযোগের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে বিজেপি সরকার। রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলিতে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে গিয়ে সহজেই বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারেন এলাকাবাসী। তবে এবার মুখ্যমন্ত্রীর সেই মহতী উদ্যোগকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন রাজারহাট-গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। সাধারণ মানুষ যাতে আরও সহজে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই জন্য একটি ওয়েবসাইট চালু করলেন তিনি।
রাজারহাট-গোপালপুরবাসীর জন্য তরুণজ্যোতির বিরাট উদ্যোগ | (Tarunjyoti Tewari)
শনিবার গণেশ উৎসবের অনুষ্ঠান মঞ্চ থেকে এই ওয়েবসাইটের কথা ঘোষণা করেন বিজেপি বিধায়ক। অনুষ্ঠান মঞ্চে তখন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজে। তরুণজ্যোতি বলেন, “এমন অনেক মানুষ আছেন যারা হয়তো সরাসরি নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রে এসে যোগাযোগ করতে পারেন না। জানাতে পারেন না নিজেদের অভাব-অভিযোগ। সেই অসুবিধা দূর করতে রাজারহাট-গোপালপুরবাসীর জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।“
আরও পড়ুনঃ সেপ্টেম্বরের কিস্তির আগেই কমল টাকা না পাওয়া মহিলাদের চিন্তা! অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বড় আশ্বাস
বিধায়ক তরুণজ্যোতির উদ্যোগে চালু করা এই ওয়েবসাইট হল www.tarunjyotitewari.com । সেখানে এলাকাবাসী নিজেদের অভাব-অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি সেখানে এলাকার কাজকর্মের খবরও জানা যাবে। কোন কাজ হয়েছে, বর্তমানে কোন কাজ চলছে, সেসবের অগ্রগতিও এই ওয়েবসাইটে দেখা যাবে। এমনকি আইনি বা প্রশাসনিক বিষয়েও যোগাযোগের সুবিধা রয়েছে।
রাজারহাট-গোপালপুরের বিধায়কের চালু করা ওয়েবসাইটে প্রথমে নিজেকে রেজিস্টার করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তিনটি অফিসের মধ্যে যে কোনও একটিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। এরপর বিধায়কের কাছে নিজের সমস্যা জানাতে পারবেন এলাকাবাসী।

তরুণজ্যোতির এই উদ্যোগের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি ওয়েবসাইট খুলেছেন। আপনাদের নিয়ে তাঁর যে স্বপ্ন রয়েছে, তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, সব পূরণ করবেন। তাঁকে সঙ্গ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।“













