বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপুজোর আগে মদ (Liquor) কিনতে গেলে পকেটে বাড়তি চাপ পড়তে পারে। রাজ্যের মদের বাজারে নতুন মূল্য কাঠামো চালুর প্রস্তুতি শুরু হয়েছে। দেশি মদ, বিদেশি মদ এবং বিয়ার—তিন শ্রেণির পানীয়তেই দামের পরিবর্তন হবে। তবে এখনও পর্যন্ত কোন পণ্যের দাম কত টাকা বাড়বে, সেই নির্দিষ্ট মূল্য প্রকাশ করা হয়নি।
কবে থেকে কত দাম বাড়ছে মদের (Liquor)?
রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই আগামী অক্টোবর থেকে নতুন দরে মদ বাজারজাত করার প্রক্রিয়া এগোচ্ছে। পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর থেকেই সংশোধিত মূল্য কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে। নতুন ব্যবস্থায় শুধু দাম বাড়ানোই নয়, পণ্যের নথিভুক্তির ক্ষেত্রেও বদল আনা হচ্ছে। কোনও প্রস্তুতকারকের কোনও নির্দিষ্ট পণ্যের মূল্য একই থাকলেও সেটিকে নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে। অর্থাৎ দাম না বাড়লেও সংশ্লিষ্ট পণ্যকে নতুন ব্যবস্থার আওতায় আনতে হবে।
এই প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতকারক ও সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে স্টেট বেভারেজেস কর্পোরেশন। মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রস্তুতকারকদের জন্য কয়েকটি শর্তও রাখা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আবগারি আইনের বিধি মেনে দাম ঘোষণা করতে হবে। পাশাপাশি, সারা দেশে প্রযোজ্য সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই মূল্য নির্ধারণ করতে হবে। পণ্য সংরক্ষণ এবং পরিচালনার খরচও নির্দিষ্ট সীমার মধ্যে রাখার নির্দেশ রয়েছে।
প্রসঙ্গত, বিজ্ঞপ্তিতে কোনও ব্র্যান্ড বা পণ্যের চূড়ান্ত মূল্য উল্লেখ করা হয়নি। ফলে সাধারণ ক্রেতার উপর কতটা অতিরিক্ত খরচের বোঝা আসবে, তা স্পষ্ট হবে চূড়ান্ত মূল্য তালিকা প্রকাশের পরেই। এদিকে নতুন দর চালু হলে দোকানে থাকা পুরনো স্টক নিয়ে তাৎক্ষণিক কোনও সমস্যা তৈরি হচ্ছে না। আগে কেনা এবং বর্তমানে মজুত থাকা পুরনো দামের মদ বিক্রি করার অনুমতি থাকছে। ফলে নতুন মূল্য কাঠামো কার্যকর হলেও আগের দামে থাকা সমস্ত পণ্য একসঙ্গে নতুন দরে বিক্রি করতে হবে না।

আরও পড়ুন :‘আমার নিজের জীবনেও যন্ত্রণার অনুভূতি আছে’! মায়ের অভিজ্ঞতার কথা ভাগ করলেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, উৎসবের সময় চাহিদা বেড়ে যাওয়ার কথা মাথায় রেখে সরবরাহ ব্যবস্থার উপরও জোর দেওয়া হয়েছে। পুজোর মরসুমে যাতে বাজারে মদের জোগানে ঘাটতি না তৈরি হয়, প্রস্তুতকারক সংস্থাগুলিকে সেই অনুযায়ী সরবরাহ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, অষ্টমীর দিন রাজ্যের মদের দোকান বন্ধ থাকবে। শুধু দোকান নয়, ওই দিন বার থেকেও মদ বিক্রি বা পরিবেশন করা যাবে না। নতুন দরে মদের বোতল কিনতে গিয়ে ঠিক কতটা বেশি খরচ হবে, সেই তালিকার জন্য এখন অপেক্ষা করতে হবে।













