বড়দিনের আগেই পার্কস্ট্রিটে ‘বড় উৎসব’, অ্যালেন পার্কে প্রথমবার দুর্গাপুজো! উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Durga Puja 2026 is going happen in Park Street's Allen Park.
Follow

বাংলাহান্ট ডেস্ক: পুজোর (Durga Puja 2026) চারটে দিন কলকাতার (Kolkata) এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যখন জনসমুদ্রে পরিণত হয়, তখন শহরের অন্যতম ব্যস্ত এলাকা পার্ক স্ট্রিটের (Park Street) ছবি থাকে একেবারেই আলাদা। সপ্তমী থেকে দশমী পর্যন্ত শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কোয়ার কিংবা চেতলা অগ্রণীর মতো পুজোমণ্ডপগুলিতে যখন ভিড় সামলাতে নাজেহাল পুলিশ-প্রশাসন, তখন পার্ক স্ট্রিটে তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা থাকে রাস্তা। মূলত রেস্তরাঁয় খেতে আসা মানুষের আনাগোনাই দেখা যায় সেখানে। এতদিন এই এলাকায় বড় কোনও দুর্গাপুজো না থাকলেও এবার সেই ছবিতে বদল আসতে চলেছে। বড়দিনের উৎসবের জন্য পরিচিত অ্যালেন পার্কে এই প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছে কলকাতা সনাতনী সঙ্ঘ। ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় ‘কে আসছে?’ লেখা টিজার হোর্ডিং নজর কেড়েছে।

অ্যালেন পার্কে প্রথমবার দুর্গাপুজো (Durga Puja 2026)! উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী:

এই পুজোকে (Durga Puja 2026) ঘিরে রাজনৈতিক আবহও কম নয়। কলকাতা সনাতনী সঙ্ঘের সম্পাদক নবীন মিশ্র এর আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। তাঁর দাবি, এর আগে কয়েকবার অ্যালেন পার্কে পুজোর অনুমতি নেওয়ার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। এবার পরিস্থিতি বদলেছে বলেই পুজোর আয়োজন করা যাচ্ছে বলে দাবি উদ্যোক্তাদের। সংগঠনের সভাপতি শঙ্কুদেব পণ্ডার কথায়, গণেশ চতুর্থীর দিনই ভূমিপুজো হবে। মহালয়ার পরের দিন মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করবেন বলেও জানিয়েছেন তিনি। ফলে পুজো যত এগোচ্ছে, ততই অ্যালেন পার্ককে ঘিরে রাজনৈতিক এবং সাংস্কৃতিক—দুই মহলেই কৌতূহল বাড়ছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে উদ্বেগ! হুথিদের নিয়ন্ত্রণে সমগ্র লোহিত সাগর, যেকোনও সময়ে বন্ধ হতে পারে বাব আল-মান্ডেব

অ্যালেন পার্কের চেহারাতেও এবার বড় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এতদিন পার্ক স্ট্রিটের এই জায়গাটি বড়দিনের সময় আলোকসজ্জায় ঝলমল করলেও দুর্গাপুজোর আবহ সেখানে দেখা যায়নি। এবার উদ্যোক্তাদের পরিকল্পনায় সেই ছবিও বদলাবে। পার্কে এতদিন যে নীল-সাদা রঙের ছোঁয়া ছিল, তার বদলে এবার রুদ্রাক্ষের রঙের ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকেরা। মণ্ডপ তৈরির দায়িত্বে রয়েছেন শিল্পী সুব্রত মুখোপাধ্যায়। তবে প্রতিমা কে তৈরি করছেন, সেই নাম এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না উদ্যোক্তারা। ফলে প্রতিমার চেহারা নিয়েও তৈরি হয়েছে আলাদা আগ্রহ।

শুধু অ্যালেন পার্ক নয়, পুজো উপলক্ষে পার্ক স্ট্রিটের দীর্ঘ অংশকেও নতুন সাজে সাজানোর পরিকল্পনা রয়েছে। প্রতি বছর বড়দিনের সময়ে ধর্মতলার দিকের মোড় থেকে মল্লিকবাজারের কাছাকাছি পর্যন্ত প্রায় দু’কিলোমিটার রাস্তা আলোকসজ্জায় সেজে ওঠে। এবার সেই সাজ শুরু হবে বড়দিনের প্রায় দু’মাস আগেই। রাস্তার একাংশ সাজাবেন চন্দননগরের আলোকশিল্পীরা, অন্য অংশে আলোর কাজ করবেন কাঁথির শিল্পীরা। মহালয়া থেকেই পুজো প্রাঙ্গণে শুরু হবে স্তোত্রপাঠ। চতুর্থী থেকে বাংলার লোকশিল্পী এবং জাতীয় স্তরের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। অষ্টমীর সন্ধ্যার আরতিতেও বিশেষ চমক রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Durga Puja 2026 is going happen in Park Street's Allen Park

আরও পড়ুন: ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য ভারতের! ‘শত্রুতা’ ভুলে ব্রিকসে দিল্লি ঘোষণাপত্রে ঐক্যমত পোষণ সৌদি-ইরানের

অ্যালেন পার্কের এই নতুন পুজো (Durga Puja 2026) ঘিরে বিজেপির একাধিক শীর্ষ নেতার উপস্থিতির সম্ভাবনাও সামনে এসেছে। রাজ্যের নেতাদের পাশাপাশি বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে আসতে পারেন বলে উদ্যোক্তাদের তরফে ইঙ্গিত মিলেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এতদিন যেখানে বড়দিনই ছিল অ্যালেন পার্কের প্রধান পরিচয়, সেখানে এবার দুর্গাপুজোর আয়োজন কি সেই চেনা চরিত্র বদলে দেবে? উদ্যোক্তাদের অবশ্য দাবি, এমন কোনও প্রশ্নই নেই। তাঁদের বক্তব্য, বড়দিন যেমন হবে, তেমনই হবে দুর্গাপুজোও। কোনও ধর্মীয় উৎসবকে বাদ দেওয়ার উদ্দেশ্য নেই তাঁদের। বরং পার্ক স্ট্রিটে একই সঙ্গে বড়দিন ও দুর্গাপুজোর আবহ তৈরি করে সম্প্রীতির বার্তাই দিতে চান তাঁরা। এখন দেখার, কলকাতার পুজোর মানচিত্রে নতুন এই সংযোজন পার্ক স্ট্রিটের উৎসবের ছবিকে কতটা বদলে দেয়।