বাংলাহান্ট ডেস্ক : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এর মধ্যে অন্যতম বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja 2026)। আর কিছুদিন পরেই বিশ্বকর্মা পুজো। কিন্তু এবার কবে পড়ছে পুজো? পঞ্জিকা অনুযায়ী, বিশ্বকর্মা পুজোর তিথি পড়ছে ১৮ সেপ্টেম্বর। এদিকে রাজ্য সরকার পুজোর ছুটি ঘোষণা করেছে ১৭ সেপ্টেম্বর। ফলে স্বাভাবিক ভাবেই দেখা দিয়েছে ধন্দ।
বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja 2026) ছুটি নিয়ে ধন্দ
পঞ্জিকা মতে, প্রতি বছর ভাদ্র মাসের শেষদিনে পালিত হয় বিশ্বকর্মা পুজো। বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুসারে, ১৮ সেপ্টেম্বর, শুক্রবার পড়ছে বিশ্বকর্মা পুজোর তিথি। এদিকে গত বছর ২৭ নভেম্বর নবান্নের অর্থ দফতরের তরফে ২০২৬ সালের যে সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে স্পষ্ট ভাবে লেখা রয়েছে, বিশ্বকর্মা পুজোর ছুটি ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

সরকারি ছুটি কবে: বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রাজ্য সরকারি অফিস, সরকার পোষিত স্কুল-কলেজ ওইদিনই বন্ধ থাকবে। এখনও পর্যন্ত ওই তালিকায় কোনও সংশোধনী আনাও হয়নি। অর্থাৎ সরকারি ক্ষেত্রে (Vishwakarma Puja 2026) খাতায় কলমে ১৭ তারিখেই বহাল রয়েছে ছুটি।
আরও পড়ুন : আদ্রা ডিভিশনে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, যাত্রাপথ সংক্ষিপ্ত এক্সপ্রেসের, ভোগান্তিতে যাত্রীরা
এখনও আসেনি সংশোধনী: উল্লেখ্য তারিখ বিভ্রাট নিয়ে নবান্ন বা রাজ্যের অর্থ দফতরের তরফে এখনও পর্যন্ত আলাদা করে কোনও সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সরকারি সূত্রে খবর, গেজেটেড ছুটির তালিকা একবার প্রকাশিত হয়ে গেলে তা আর বদলের কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ নতুন করে সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সরকারি ছুটি ১৭ সেপ্টেম্বরই বহাল থাকছে।
রাজ্য সরকারি কর্মচারীরা, সরকারি স্কুল, কলেজে নতুন সংশোধনী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত ১৭ তারিখেই মিলবে ছুটি। তবে যারা পুজো করবেন তারা পঞ্জিকা মেনে ১৮ তারিখ পুজো সারতে পারেন।













