বাংলা হান্ট ডেস্কঃ ফুটপাথের বেআইনি দখল (Footpath Encroachment) বা রাস্তায় জঞ্জাল ফেলা কিছুতেই বরদাস্ত করা হবে না। অতীতে এই নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কিন্তু তা সত্ত্বেও অনেকের হুঁশ হয়নি। এবার পরিদর্শনে বেরিয়ে নিজের চোখে সেই দৃশ্য দেখে বেজায় ক্ষুব্ধ হলেন তিনি। রাতের মধ্যে ফুটপাথ খালি করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
নিজে রিপোর্ট দেখবেন অগ্নিমিত্রা | (Agnimitra Paul)
শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবা খতিয়ে দেখতে মাঝেমধ্যেই সকালে শহর পরিদর্শনে বেরোন পুরমন্ত্রী। কখনও বাজার এলাকা ঘুরে দেখেন, কখনও আবার ফুটপাথ পরিদর্শন করেন তিনি। মঙ্গলবার সকালে সল্টলেকে পরিদর্শনে গিয়ে প্রথমেই দেখতে পান, ফুটপাথের উপর ব্যক্তিগত গাড়ি দাঁড়িয়ে আছে। কিছুটা এগোতেই চোখে পড়ে, ফুটপাথ জুড়ে একটি নির্মীয়মাণ বাড়ির সব নির্মাণ সামগ্রী রাখা। ফলে সাধারণ মানুষের চলাচল করা দুষ্কর হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ মিলল স্বস্তি! তৃণমূলের কীর্তি আজাদকে নিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
বারবার বারণ করা সত্ত্বেও এই অবস্থা দেখে আর চুপ থাকতে পারেননি অগ্নিমিত্রা। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তিকে ডেকে তিনি প্রশ্ন করেন, “আপনার মাথায় কি কোনও আক্কেল নেই?” জবাবে ভয়ে ভয়ে ওই ব্যক্তি বলেন, “সরিয়ে দেব, সরিয়ে দেব।“
সেকথা শুনে মন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, “কখন সরাবেন? আজ আমি এখানে এসেছি বলে সরাবেন? মাথায় কোনও আক্কেল নেই? এটা ফুটপাথ। এখানে সব জিনিসপত্র ফেলে রেখে কাজ করা উচিত নয়, এটা জানা নেই?”
এরপরেই আজ রাতের মধ্যে ফুটপাথ থেকে যাবতীয় সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন অগ্নিমিত্রা। তিনি নিজে এই কাজের রিপোর্ট দেখবেন বলেও জানিয়েছেন।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, “মাথায় ঢুকেছে তো? আজ রাতের মধ্যেই ফুটপাথ খালি হওয়া চাই। আমি নিজে কিন্তু এই কাজের রিপোর্ট দেখব।“
বেআইনিভাবে ফুটপাথ দখলের বিরুদ্ধে এর আগেও কড়া বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা। কিন্তু তা সত্ত্বেও অনেক জায়গায় দেখা যায় উল্টো ছবি। এদিন পরিদর্শনে বেরিয়ে নিজের চোখে সেই দৃশ্য দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন তিনি। কার্যত ডেডলাইন বেঁধে ফুটপাথ খালি করার নির্দেশের পাশাপাশি তিনি নিজে রিপোর্ট দেখবেন বলে জানিয়েছেন মন্ত্রী।













