বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর দু’বছরের বেশি সময় কেটে গিয়েছে। এখনও এই ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। এবার এই ধর্ষণ খুন কাণ্ডে নয়া স্ট্যাটাস রিপোর্ট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার শিয়ালদহ আদালতে ১৩ তম স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআইয়ের নতুন তদন্তকারী দল।
আরজি কর কাণ্ডে বড় মোড় | (RG Kar Case)
এদিন সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, তদন্তকারীরা নানা নথি, ফরেন্সিক ও মেডিক্যাল রিপোর্ট, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন। নির্যাতিতা চিকিৎসক পড়ুয়াকে যে শ্মশানে দাহ করা হয়েছিল, সেখানে গিয়েও তদন্ত করা হয়েছে। সেখান থেকে প্রাপ্ত তথ্যই আজ জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে রয়েছে বলে অনুমান।
আরও পড়ুনঃ পুজোর সময় কমলা পোশাক-কমলা টুপি! স্বেচ্ছাসেবকদের ড্রেসকোড নিয়ে বড় সিদ্ধান্ত
কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী আরও জানান, পরিবারের সদস্যদের তরফে যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেই দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও কিছু বিষয়ে তদন্ত বাকি আছে।
এই বিষয়ে নির্যাতিতার বাবা বলেন, তাঁরা খুশি এমনটা নয়। তবে বর্তমান তদন্তকারী দলের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁরা তদন্ত করছে। তিলোত্তমার বাবার কথায়, ”রাজ্য সহ সমগ্র দেশ ও পৃথিবীর মানুষ এই মামলার দিকে তাকিয়ে আছেন। দোষীদের শাস্তি দিতেই হবে।“
এদিকে আজ সিবিআইয়ের তরফে নয়া স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হলেও নির্যাতিতার পরিবারের আইনজীবী তাঁদের ভূমিকা নিয়ে আরও একবার কার্যত প্রশ্ন তোলেন। তিনি বলেন, “এই ঘটনায় কারা যুক্ত সবাই জানে। তদন্তের আওতার বাইরে যাদের রাখা হয়েছে, তাঁরা কী অবস্থায় আছে। দু’বছর ধরে শুধু বলা হচ্ছে তদন্ত চলছে। কারা যুক্ত ও অভিযুক্ত সবাই জানে।“

নির্যাতিতার পরিবারের আইনজীবী আরও বলেন, ”আমরা আসল অভিযুক্ত হিসেবে যাদের চিহ্নিত করছি তাঁরা কীভাবে তদন্তের বাইরে আছে সেটা দেখা হোক। কেস ডায়েরিতে কিছু উল্লেখ রয়েছে কিনা দেখা হোক।“ সিবিআই জানায়, ইতিমধ্যেই মামলার কেস ডায়েরি আদালতে জমা করা হয়েছে।
২০২৪ সালের ৮ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে এক চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুন হয়। এই ঘটনার বীভৎসতা বাংলার পাশাপাশি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এদিন সেই মামলাতেই নতুন স্ট্যাটাস রিপোর্ট জমা করল সিবিআই। আগামী ২০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।













