বাংলা হান্ট ডেস্ক : রাজনৈতিক পালাবদলের পরও যে প্রত্যাশা পূরণ হয়নি, তা এবার প্রকাশ্যেই বুঝিয়ে দিলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। মেয়ের মৃত্যুর ন্যায়বিচার পাওয়ার আশাতেই তৃণমূলের শাসনকালের বিরুদ্ধে সরব হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ভোটে জিতে বিধায়ক হওয়ার পরও বারবার তাঁর বক্তব্যে উঠে এসেছে অভয়ার বিচারের প্রসঙ্গ। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার ছয় মাস কেটে গেলেও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সন্তুষ্ট নন তিনি। এবার আর শুধু তদন্তকারী সংস্থার ভূমিকা নয়, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধেও প্রশ্ন তুললেন রত্না দেবনাথ।
কী বললেন রত্না দেবনাথ (Ratna Debnath)?
বিজেপিতে যোগ দেওয়ার সময় রত্না দেবনাথের যুক্তি ছিল, রাজ্যে ক্ষমতার পরিবর্তন না হলে মেয়ের মৃত্যুর ঘটনায় সুবিচার পাওয়া সম্ভব নয়। সেই আশাতেই রাজনৈতিক অবস্থান বদলে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে নির্বাচনে জয়ী হয়ে পানিহাটির বিধায়ক হন। নতুন সরকার আসার পর অভয়া মামলার পুরনো নথি ফের খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়।
তদন্তের সূত্র ধরে নির্মল ঘোষকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু পরিবারের অভিযোগ, এত কিছু সত্ত্বেও ঘটনার পিছনে থাকা মূল অপরাধীদের এখনও চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা যায়নি। ফলে তদন্তের অগ্রগতি নিয়ে তাঁদের হতাশা কাটেনি। অভয়া কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের তদন্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের বক্তব্য ছিল, পুলিশ যথাযথ পদক্ষেপ করছে না। সেই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়।

তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজ নিয়েও এবার প্রশ্ন তুলেছেন রত্না দেবনাথ। তাঁর দাবি, সিবিআইয়ের তদন্তে তাঁরা কখনও আগ্রহী ছিলেন না। দায়িত্ব পাওয়ার পরেও সংস্থাটি কার্যকর কোনও পদক্ষেপ করতে পারেনি বলে অভিযোগ করেছেন তিনি। এদিন নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে রত্না দেবনাথ বলেন, “আমরা কোনওদিন সিবিআই তদন্ত চাইনি। ওরা কিছুই করেনি। না পারলে ছেড়ে দিক। পালাবদল হয়েছে ঠিকই, কিন্তু সেই মানুষগুলোই রয়েছে। ফলে দুর্নীতি কমেনি।”
আরও পড়ুন : বাংলায় ফের বড় নির্বাচন! ভোটের দিনক্ষণ নিয়ে ইঙ্গিত শিক্ষামন্ত্রী জগন্নাথের
তবে তাঁর অসন্তোষ শুধু অভয়া মামলার তদন্তেই আটকে নেই। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে অনিয়মের অভিযোগ নিয়েও সরব হয়েছেন পানিহাটির বিধায়ক। তাঁর দাবি, একাধিক মেডিক্যাল কলেজের দুর্নীতি সংক্রান্ত নথি ইতিমধ্যেই তাঁর হাতে এসেছে। সেগুলির সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এই বিষয়গুলি নিয়েই এবার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।












