বাংলা হান্ট ডেস্কঃ উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের (HS Exam 2026) রুটিনে ইতিমধ্যেই একবার বদল করা হয়েছে। এবার ফের একবার সেই সূচিতে বদল আনল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে সংশোধিত পরীক্ষাসূচি জানানো হয়েছে।
ফের পিছোল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা | (HS Exam 2026)
আসন্ন উপনির্বাচনের কারণে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রুটিনে ইতিমধ্যেই একবার বদল এনেছে সংসদ। এবার করম পুজোর কারণে আগামী ২২ সেপ্টেম্বরের নির্ধারিত সব ভোকেশনাল বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। এর পরিবর্তে আগামী ১৩ অক্টোবর দ্বিতীয়ার্ধে দুপুর ২টো থেকে ৩টে অবধি ওই পরীক্ষা হবে। সংসদের তরফে এমনটাই জানানো হয়েছে।
আরও পড়ুনঃ সেপ্টেম্বরের টাকা ছাড়তে ২ দিন বাকি! তার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট মুখ্যমন্ত্রীর
সংসদের তরফে আরও জানানো হয়েছে, পরিস্থিতির খাতিরে প্রয়োজনে এই সূচিতে ফের বদল আনা হতে পারে। যা যথাসময়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পড়ুয়াদের এই সংশোধিত রুটিন অনুসারে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কোন পরীক্ষা পিছোল?
অটোমোবাইল, হেলথ কেয়ার, সিকিউরিটি, অর্গানাইজড রিটেইলিং, আইটি ও আইটিইএস, ট্যুরিজম, প্লাম্বিং, ইলেকট্রনিক্স, এগ্রিকালচার, কনস্ট্রাকশন, ফুড প্রসেসিং ও টেলিকম, পাওয়ার, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সহ সব ভোকেশনাল বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিকে ইতিমধ্যেই একবার স্কুলে স্কুলে পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার রুটিন বদলের পর অ্যাডমিট কার্ডে বদল করে ফের দেওয়া হচ্ছে। সংসদ সূত্রে খবর, নতুন সূচি অনুযায়ী ফের পরীক্ষার্থীদের অ্যাডমিট দেওয়া হবে। তবে এখনই সেটা হাতে না পেলে পুরনো অ্যাডমিট নিয়েও পরীক্ষা দিতে যাওয়া যাবে। পরবর্তীতে স্কুল থেকে নতুন অ্যাডমিট সংগ্রহ করে নিতে হবে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে। চলবে ১৪ অক্টোবর অবধি। পুরনো রুটিন অনুযায়ী ২২ সেপ্টেম্বর সব ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এবার সেই পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হল।













