দেশের ৫১,০০০ যুবক-যুবতী পেলেন চাকরি! রোজগার মেলায় নিয়োগপত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী মোদী

Published on:

Published on:

PM Modi distributed appointment letters to 51,000 youths at the Rozgar Mela.
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) যুবসমাজের জন্য শনিবার এল বড় কর্মসংস্থানের খবর। ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল ২০ তম রোজগার মেলা (Rozgar Mela)। এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি দফতর ও সংস্থায় সদ্য নিযুক্ত ৫১ হাজারেরও বেশি তরুণ-তরুণীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। দেশের ৪৫টি জায়গায় একইসঙ্গে এই রোজগার মেলার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে বক্তব্য রাখেন। সরকারি তথ্য অনুযায়ী, এই ২০টি রোজগার মেলা মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ১২ লক্ষ ৭৫ হাজার যুবক-যুবতী বিভিন্ন সরকারি বিভাগ ও সংস্থায় নিয়োগের সুযোগ পেয়েছেন।

রোজগার মেলায় (Rozgar Mela) ৫১,০০০ যুবক-যুবতীকে নিয়োগপত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী মোদী

নতুন চাকরিপ্রার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা এমন এক সময়ে সরকারি পরিষেবায় যোগ দিচ্ছেন, যখন দেশের সামনে ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্য রয়েছে। এই যাত্রায় তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে নতুন নিয়োগপ্রাপ্তদের নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অন্য তরুণদের প্রতিও দায়িত্বশীল হওয়ার বার্তা দেন মোদী। তাঁর কথায়, এই সাফল্যের পিছনে শুধু চাকরিপ্রার্থীদের পরিশ্রমই নয়, তাঁদের বাবা-মা ও পরিবারের দীর্ঘদিনের ত্যাগ এবং সহযোগিতাও রয়েছে। তাই নতুন নিয়োগের এই মুহূর্তে পরিবারগুলির অবদানকেও সম্মান জানান প্রধানমন্ত্রী (Rozgar Mela)।

আরও পড়ুন: রাত ৯ টার পর বন্ধ দোকান-বাজার! বিয়েতে মাত্র এক পদের খাবার, জ্বালানি বাঁচাতে একাধিক নিয়ম পাকিস্তানে

চাকরির পাশাপাশি দেশের যুবসমাজের উদ্যোগ এবং দক্ষতার কথাও এদিনের বক্তব্যে উঠে আসে। প্রধানমন্ত্রী জানান, ভারতের স্টার্টআপ ক্ষেত্র এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম ইকোসিস্টেমগুলির মধ্যে রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশের স্টার্টআপের বিস্তার আর শুধু বড় শহরের মধ্যে সীমাবদ্ধ নেই; স্বীকৃত স্টার্টআপগুলির প্রায় অর্ধেক এখন টিয়ার-২ ও টিয়ার-৩ শহরেও রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত BRICS শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ টেনে মোদী বলেন, ভারত চায় এই সহযোগিতায় শুধু সরকার নয়, উদ্যোক্তা, কৃষক, মহিলা এবং যুবসমাজও সক্রিয়ভাবে যুক্ত হোক। সেই লক্ষ্যেই BRICS Connect এবং BRICS MSME Cooperation Portal-এর মতো উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

এদিনের রোজগার মেলার নিয়োগে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজস্ব দফতরে আয়কর এবং কাস্টমস-জিএসটি সংক্রান্ত বিভাগে নিয়োগ হবে। রেল মন্ত্রকে টেকনিক্যাল ক্যাডার, অপারেশন, স্টেশন ম্যানেজমেন্ট ও নিরাপত্তা সংক্রান্ত পদে যোগ দেবেন নতুন কর্মীরা। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও দিল্লি পুলিশের বিভিন্ন পদেও নিয়োগ হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে কারিগরি কর্মী, নার্সিং অফিসার এবং প্রশাসনিক সহকারী পদে সুযোগ মিলেছে। এছাড়া সরকারি খাতের ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রতিরক্ষা উৎপাদন, ক্যান্টনমেন্ট বোর্ড এবং বিভিন্ন বেসামরিক ক্যাডারেও নিয়োগ করা হবে।

PM Modi distributed appointment letters to 51,000 youths at the Rozgar Mela.

আরও পড়ুন:আর নেই ছাড়? ভারতের ওপর সত্যিই চাপবে ১০০ শতাংশ শুল্ক? নতুন আইন ট্রাম্পের

যুবকদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরির বিষয়টিও এদিন গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় শিক্ষা নীতি, স্কিল ইন্ডিয়া মিশন এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মতো উদ্যোগের মাধ্যমে পরিবর্তনশীল অর্থনীতির চাহিদার সঙ্গে তরুণদের শিক্ষা ও দক্ষতাকে সামঞ্জস্য করার চেষ্টা করা হচ্ছে। নতুন সরকারি কর্মীদের উদ্দেশে নাগরিক পরিষেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। তাঁর বক্তব্য, একজন কর্মীর সাফল্য তখনই আরও অর্থবহ হয়ে ওঠে, যখন তাঁর কাজ সাধারণ মানুষের জীবনকে আরও সহজ করে। ২০তম রোজগার মেলার (Rozgar Mela) মাধ্যমে ১২.৭৫ লক্ষের বেশি নিয়োগপত্র বিতরণের মাইলফলক ছোঁয়া কর্মসূচিটির সামগ্রিক পরিসরও এদিন স্পষ্ট হয়েছে।