বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৮ সালে শতবর্ষ পূরণ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এই ১০০ বছরের সময়কাল ভারতীয় ক্রিকেটের অনেক উত্থান-পতনের সাক্ষী। আজ ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী ক্রিকেট বোর্ড। কিন্তু পরিস্থিতি সবসময় এমন ছিল না। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা যখন ভারতীয় দলের হয়ে (Indian Cricket Team) নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছেন তখন তারা বেতন হিসেবে পেয়েছেন মাত্র ৫০০ টাকা। সেই অবস্থা থেকে আজকের এই যুগে বিশ্ব ক্রিকেটে ভারতের দাপুটে উপস্থিতি কোনও রূপকথার চেয়ে কম নয়।
এই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে একটি বিশেষ উদ্যোগ নেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের অন্দরমহল থেকে জানা যাচ্ছে এই বিশেষ উপলক্ষ্য উদযাপনের লক্ষ্যে তারা একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করতে চায়। যেখানে ভারতীয় একাদশের মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেট একাদশ।

যদিও এই ম্যাচের কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমানে বিশ্ব ক্রিকেট অনেক বেশি ব্যস্ত সুচির মধ্যে দিয়ে চলে। বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি গোটা বছর জুড়ে চলে বিভিন্ন জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। ক্রিকেটাররা একাধিক দলের সাথে থাকেন চুক্তিবদ্ধ। এমন পরিস্থিতিতে ভারতের মুখোমুখি হওয়ার জন্য একটি শক্তিশালী ও ভারসাম্যযুক্ত বিশ্ব ক্রিকেট একাদশ নির্মাণ করা একেবারেই সহজ কাজ নয়।
তবে এই পরিকল্পনা যদি বাস্তব হয়ে ওঠে তাহলে তা রীতিমতো এক লোভনীয় পরিস্থিতি হয়ে উঠবে ক্রিকেটপ্রেমীদের জন্য। বিশ্বের তাবড় ক্রিকেট মহাতারকাদের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটের মহারথীদের মাঠে নামতে দেখতে চাইবেন যে কোনও ক্রিকেটপ্রেমী। একজিবিসন ম্যাচ ভারতীয় হওয়ায় ভারতীয় একাদশে অভিজ্ঞ বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাদের সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, গুরনুর ব্রারদের মতো তরুণ প্রজন্মের ক্রিকেটারদের যা ভারতীয় দলের হয়ে পেশাদার ক্রিকেটে দেখার সুযোগ আর নেই বললেই চলে।
আরও পড়ুন: একসাথে বিশ্বকাপ জিতলেও রোহিত শর্মার বদলে এই ক্রিকেটারকে ভারতীয় দলে চান এই তারকা
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে আগামী ওডিআই বিশ্বকাপের পরের ক্রিকেট ক্যালেন্ডারটি খুঁটিয়ে বিশ্লেষণ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আদেও কোনও এক সময় বিশ্ব ক্রিকেটের অন্যান্য শক্তিশালী দেশগুলি থেকে কিছু তারকা ক্রিকেটারকে একত্রিত করা যায় কিনা সেই বিষয়টি খুঁটিয়ে দেখছে তারা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই ম্যাচটি দিল্লির অরুন জেটকি স্টেডিয়ামে আয়োজিত করার কথা ভাবছে তারা।













