বাংলা হান্ট ডেস্ক: ভারতে ইতিমধ্যেই জোরকদমে চলছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ। তবে, ভারত শুধু বুলেট ট্রেন
চালানোর প্রস্তুতিই নিচ্ছে না, বরং হাই-স্পিড ট্রেন (B35 Bullet Train) প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যেও ক্রমশ এগিয়ে চলছে। ইতিমধ্যেই একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, রেল মন্ত্রকের মন্ত্রিসভার প্রস্তাব থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ভারত (India) ২০৩০ সালের মধ্যে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার ডিজাইন স্পিডের দেশীয় হাই-স্পিড ট্রেন B35 তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই ট্রেনের ডিজাইন স্পিড জাপানের পরবর্তী প্রজন্মের E10 সিরিজের ট্রেনগুলির সমান হবে। জানিয়ে রাখি যে, ভারতে বর্তমানে মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল (Mumbai-Ahmedabad High Speed Rail Corridor) তথা MAHSR প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের সংশোধিত ব্যয় ২ লক্ষ কোটি টাকা (প্রায় ১.২ ট্রিলিয়ন ডলার) ছাড়িয়ে গেছে। যা ২০১৫ সালে করা প্রাথমিক অনুমানের প্রায় দ্বিগুণ। এক্ষেত্রে প্রায় ১ লক্ষ কোটি টাকার বর্ধিত ব্যয় বাজেটের সহায়তার মাধ্যমে মেটানো হবে।
ভারত তৈরি করবে B35 Bullet Train:
E10 ট্রেন জাপানের E5-এর স্থান নেবে: উল্লেখ্য যে, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, রেল মন্ত্রক মন্ত্রিসভাকে জানিয়েছে যে ভারত B35 ট্রেন তৈরির প্রক্রিয়া শুরু করেছে। জাপান ২০২৪ সালের ডিসেম্বরে ভারতকে জানিয়েছিল যে, বর্তমানের E5 সিরিজের ট্রেনগুলির উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হচ্ছে। জাপানের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালে E10 ট্রেনের উৎপাদন শুরু হবে এবং ২০৩৪ সালের মধ্যে এগুলি চালু হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। ভারত যখন E10 ট্রেনগুলি সংগ্রহ করবে, ততদিনে তারা ঘণ্টায় ৩৫০ কিমি গতিসম্পন্ন নিজস্ব B35 ট্রেন তৈরি করে ফেলবে। ভবিষ্যতে প্রয়োজন হলে মুম্বাই-আহমেদাবাদ করিডোরেও E10 ব্যবহার করা যাবে।

প্রথম ট্রেন হবে B28 ট্রেন: জানিয়ে রাখি যে, মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোরে সফর B28 হাই-স্পিড ট্রেনগুলির মাধ্যমে হবে। এই ট্রেনগুলির ডিজাইন স্পিড হবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার। অন্যদিকে সর্বোচ্চ পরিচালন গতি হবে ঘণ্টায় ২৪৯ কিলোমিটার। ইতিমধ্যেই BEML ৩২ টি B28 ট্রেন তৈরির চুক্তি পেয়েছে। ২০২৭ সালের প্রথম ত্রৈমাসিকে ২ টি প্রোটোটাইপ ট্রেন ট্রায়ালের জন্য প্রস্তুত হবে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি, BEML সম্প্রতি আরও ১৫ টি B28 ট্রেন তৈরির জন্য ৫,৪০০ কোটি টাকার একটি পৃথক চুক্তি পেয়েছে।
আরও পড়ুন: সমানে থেকেও টিম ইন্ডিয়াকে টেক্কা! T20 র্যাঙ্কিংয়ে কীভাবে এগিয়ে গেল ইংল্যান্ড?
সম্পূর্ণ করিডোরটি হবে ৫০৮ কিলোমিটার দীর্ঘ: এদিকে, মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোরের মোট দৈর্ঘ্য ৫০৮ কিলোমিটার। সম্পূর্ণ করিডোরটি ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে কেনা জাপানি ট্রেনগুলি বাদ দিলে, প্রকল্পটির বর্তমান খরচ প্রতি কিলোমিটারে প্রায় ৩৯৯ কোটি টাকা।
আরও পড়ুন: ১৯-০ ব্যবধানে জয়ী মেয়েরা, ১৩-১ গোলে জিতল পুরুষ দল! এশিয়ান গেমসে হকিতে ভারতের দাপট
ভারত নিজস্ব ট্রেন কন্ট্রোল সিস্টেম তৈরি করবে: হাই-স্পিড ট্রেনের পাশাপাশি, ভারত নিজস্ব দেশীয় ট্রেন কন্ট্রোল সিস্টেম তৈরির প্রস্তুতিও নিচ্ছে। মন্ত্রক অনুসারে, ভারত নিজস্ব ভারত ট্রেন কন্ট্রোল সিস্টেম তথা BTCS তৈরি করবে। এই পদক্ষেপটি চিনের নিজস্ব CTCS সিস্টেমের আদলে নেওয়া হয়েছে। যা ট্রেনের গতি, ট্রেনগুলির মধ্যে দূরত্ব এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।














