ঘরে সিংহ, বাইরে বেড়াল হলে চলবে না! সূর্যবংশী ও অভিষেককে সতর্ক করলেন প্রাক্তন BCCI-এর নির্বাচক

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দেশের মাটিতে আফগানিস্থানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এই সিরিজে সুযোগ না পেলেও অভিষেক শর্মার (Abhishek Sharma) দাপুটে ব্যাটিং দর্শকদের মনোরঞ্জন করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও (BCCI) আপাতত একটু স্বস্তিতে। কিন্তু এই পারফরম্যান্স সত্ত্বেও ভারতীয় দলের ব্যাটারদের ওপর সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারছেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন নির্বাচক সন্দীপ পাটিল (Sandeep Patil)।

ভারতের মাটিতে অভিষেক শর্মা দাপুটে পারফরম্যান্স করেছেন ব্যাট হাতে। কিন্তু ইংল্যান্ড সফর, এমনকি আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি ম্যাচেও তিনি ধারাবাহিকতার অভাবে ভুগছিলেন। কিন্তু দেশের মাটিতে দুর্বল প্রতিপক্ষ সামনে আসতেই সেই সমস্যা কাটিয়ে ওঠে রানে ফিরেছেন তিনি।

একই চিত্র দেখা গিয়েছিল ভারতের তরুণ বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর ক্ষেত্রেই। তার ভারতের জার্সিতে অভিষেক ঘটেছিল ইংল্যান্ড সফরে। কিন্তু সেই সিরিজে তিনি সফলতার মুখ দেখেননি। কিন্তু তুলনামূলক দুর্বল দল জিম্বাবোয়ের মুখোমুখি হওয়া মাত্রই পরিস্থিতি বদলে যায় এবং অনেক রান করেন তিনি।

আরও পড়ুন: অন্যায় হচ্ছে! শুভমান গিলের নেতৃত্ব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য গৌতম গম্ভীরের, দোষ দিচ্ছেন এই ঘটনাকে

এই পরিস্থিতি নিয়েই আপত্তি প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় দলের নির্বাচক ও বিশ্বজয়ী ক্রিকেটার সন্দীপ পাটিল। দেশের মাটিতে দাপট দেখানোর পাশাপাশি বিদেশের মাটিতেও কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দলকে জেতানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখতে হবে, তাদের এমনটাই মনে করছেন তিনি।

আরও পড়ুন: BCCI-এর শতবর্ষ উপলক্ষে মুখোমুখি হবে ভারত বনাম গোটা বিশ্ব ক্রিকেট একাদশ? জানুন বিস্তারিত…

সন্দীপ পাটিল সরাসরি এই দুই তারকাকে উদ্দেশ্য করে বলেছেন, “অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, আমরা দেখেছি যে ভারতের বাইরে গিয়ে যখন বল কিছুটা মুভ করতে শুরু করে, তখন তাঁদের কিছুটা সমস্যার মুখে পড়তে হয়। এই দুই তরুণ খেলোয়াড়কে বিষয়টির দিকে নজর দিতে হবে এবং এ নিয়ে কাজ করতে হবে। ভারতে ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করলেই যে বিদেশের মাটিতে গিয়ে একেবারে দুর্বল হয়ে পড়তে হবে—এমনটা হওয়া উচিত নয়।”