অন্যায় হচ্ছে! শুভমান গিলের নেতৃত্ব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য গৌতম গম্ভীরের, দোষ দিচ্ছেন এই ঘটনাকে

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) পাখির চোখ আসন্ন ওডিআই বিশ্বকাপ (2027 ODI World Cup)। টুর্নামেন্টটির একটি বড় অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে সেই প্রতিযোগিতা জিততে চায় ভারতীয় দল। কিন্তু সাম্প্রতিক অতীতে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দলের ওডিআই পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক নয়। এবার সেই নিয়ে মুখ খুললেন ভারতের প্রধান কোচ।

গত এক বছরের মধ্যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ হেরেছে ভারতীয় দল। এমনকি চলতি বছরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওডিআই সিরিজ হারতে হয়েছে তাদের। আগামী বিশ্বকাপের বেশিরভাগ অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে যেখানে পিচে থাকবে অতিরিক্ত বাউন্স। তার আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে সিরিজ হারকে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই অশনি সংকেত হিসেবে দেখেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন বর্তমান ওডিআই অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বগুণ নিয়ে।

কিন্তু এই ব্যাপারে নিজের অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন গৌতম গম্ভীর। অত্যন্ত অল্প সময় ধরে ভারতীয় দলের অধিনায়কের ভূমিকা পালন করা শুভমান গিলের সমালোচনা করার সময় এখনও আসেনি বলেই মনে করছেন তিনি। তার মতে কোচ হিসেবে তার প্রতি ছুঁড়ে দেওয়া সমালোচনা তিনি মেনে নিতে পারেন, কিন্তু শুভমান গিল নিজের অধিনায়কত্বে সেরা ভারতীয় দলটিই পায়নি এখনও, তাই গিলের সমালোচনা করা অনুচিত বলে মনে করেন ভারতের প্রধান কোচ।

আরও পড়ুন: “গম্ভীর বলেছিলেন…..”, কোন প্ল্যানে সূর্যবংশীর জায়গায় দলে ঢুকলেন স্যামসন! ফাঁস হলো বড় রহস্য

এই প্রসঙ্গে গম্ভীর বলেছেন, “পুরোপুরি সততার সাথে এই নিয়ে কথা বলতে গেলে স্বীকার করতেই হবে যে টেস্ট ও ওয়ান ডে ফরম্যাটে আপনি চাইবেন আপনার সেরা খেলোয়াড়রা যেন যতটা সম্ভব বেশি খেলেন। কারণ আগামী বছর ৫০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। আর তার চেয়েও বড় কথা, একজন তরুণ অধিনায়কের (শুভমান গিল) জন্যও বিষয়টি ঠিক সুবিচারপূর্ণ নয় যদি তিনি ধারাবাহিকভাবে নিজের হাতে সেরা দল না পান এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার সুযোগ না থাকে।” অনেকেই মনে করছেন এই মন্তব্যের মাধ্যমে সাম্প্রতিক অতীতে যশপ্রীত বুমরা বা হার্দিক পান্ডিয়ার মতো তারকা ক্রিকেটারদের দীর্ঘদিন চোট পেয়ে মাঠের বাইরে থাকার ঘটনাটি তুলে ধরতে চেয়েছেন গম্ভীর।

আরও পড়ুন: বড় সমস্যা মিটলো ভারতীয় দলের! অভিষেক বা সঞ্জু নয়, এই তারকার পারফরম্যান্স দেখে স্বস্তিতে BCCI

সামনেই রয়েছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ। একই সময় এশিয়ান গেমস আয়োজিত হওয়ার কারণে এই সিরিজে শ্রেয়স আইয়ার, যশপ্রীত বুমরার মতো তারকাদের পাবেন না গিল। সেই প্রসঙ্গে গম্ভীর আরও যোগ করে বলেন, “আমরা জানি যে, আর মাত্র এক বছর পর আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির সময় এমন পরিস্থিতি তৈরি হওয়া কোনও আদর্শ বিষয় নয়। তবে এশিয়ান গেমসের দল অনেক আগেই ঘোষণা করা হয়েছিল এবং সেরা দল গঠনের ক্ষেত্রে নির্বাচকদের অনেক সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই আমরা আগে থেকেই জানতাম যে, মূল দলের খেলোয়াড়রা যদি এশিয়ান গেমসে অংশ নেয়, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে হয়তো আমাদের কিছুটা আপস করতে হবে। তবে এর ফলে অন্য নতুন খেলোয়াড়রাও নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন যা একটি ইতিবাচক দিক। তবে আমি এমন পরিস্থিতিতে নিজের সেরা দলকে খেলানোরই পক্ষপাতী।”