SSC-তে বদলে গেল পুরনো ব্যবস্থা! পাঁচ রিজিওনাল কমিশনের দায়িত্বে WBCS আধিকারিকরা

Published on:

Published on:

WBCS officials in charge of five regional commissions of SSC
Follow

বাংলা হান্ট ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ ব্যবস্থাকে ঘিরে প্রশাসনিক স্তরে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করল রাজ্য। এবার পাঁচটি রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের দায়িত্বে থাকছেন WBCS আধিকারিকরা। ফলে আঞ্চলিক কমিশনের নেতৃত্বে এতদিন যে ধরনের নিয়োগ দেখা যেত, তার বদলে সরাসরি প্রশাসনিক পরিষেবার আধিকারিকদের সামনে আনা হল।

স্কুল সার্ভিস কমিশনে (SSC) বড় প্রশাসনিক বদল

স্কুল সার্ভিস কমিশনের নতুন দায়িত্ব বণ্টনে মালদার দায়িত্ব পেয়েছেন প্রলয় রায়চৌধুরী। বাঁকুড়ায় থাকছেন মিঠু সরকার এবং বর্ধমানে দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ণিমা দে-কে। কলকাতা রিজিওনাল কমিশনের চেয়ারম্যান-ইন-চার্জ হচ্ছেন কাসবেরী ঘোষ। বারাসতের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রাবন্তী দাসকে। পাঁচজনই WBCS আধিকারিক। এই পরিবর্তনের ফলে নিয়োগ সংক্রান্ত আঞ্চলিক প্রশাসনে সরকারি আমলাদের ভূমিকা আরও বাড়ল। কারণ, এর আগে পাঁচটি কমিশনের শীর্ষ পদে ছিলেন সরকারের মনোনীত ব্যক্তিরা।

শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি অধ্যাপকরাও সেই দায়িত্ব সামলেছেন। তৃণমূল আমলে এই নিয়োগের ক্ষেত্রে শাসকদলের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার অভিযোগও উঠেছে। তবে বর্তমান বদলের পিছনে রয়েছে কয়েক মাসের প্রশাসনিক অচলাবস্থা। গত জুনে পাঁচ রিজিওনাল কমিশনের চেয়ারম্যানরা পদত্যাগ করার পর সংশ্লিষ্ট এলাকাগুলিতে কমিশনের কাজ চালু রাখার জন্য জেলা স্কুল পরিদর্শকদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই অস্থায়ী ব্যবস্থা এবার সরিয়ে দিয়ে স্থায়ী প্রশাসনিক কাঠামোর দিকে এগোল রাজ্য।

আঞ্চলিক কমিশনে WBCS আধিকারিকদের নিয়ে আসার প্রক্রিয়া অবশ্য শুধু চেয়ারম্যান পদেই সীমাবদ্ধ থাকছে না। গত ১ সেপ্টেম্বর এসএসসি প্রশাসনের তরফে যে পরিবর্তনের কথা জানানো হয়েছিল, তাতে রিজিওনাল কমিশনের সচিব পদেও WBCS আধিকারিকদের বসানোর সিদ্ধান্তের কথা সামনে আসে। এসএসসির মূল প্রশাসনিক কাঠামোতেও এর আগে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে মুখ্যসচিব পর্যায়ের আধিকারিককে আনার পর এবার আঞ্চলিক কমিশনগুলির ক্ষেত্রেও প্রশাসনিক পরিষেবার উপর নির্ভরতা বাড়ানো হল। সচিব পদে WBCS আধিকারিক নিয়োগের পর চেয়ারম্যান-ইন-চার্জের দায়িত্বও তাঁদের হাতে যাওয়ায় কমিশনের পরিচালন ব্যবস্থায় বড়সড় পুনর্বিন্যাসের ছবি স্পষ্ট হচ্ছে।

WBCS officials in charge of five regional commissions of SSC

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সুরাহা! আরও ৮% DA বৃদ্ধি করল রাজ্য সরকার, মিলবে দুটি কিস্তিতে

নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক এবং আইনি জটিলতার মধ্যেই এসএসসির প্রশাসনিক কাঠামোয় এই পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাঁচ আঞ্চলিক কমিশনে নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কীভাবে কাজ পরিচালনা করেন এবং নিয়োগ সংক্রান্ত কাজ কতটা গতিশীল হয়, এখন সেটাই দেখার।