বাংলায় সংগঠন বাড়তেই বড় সিদ্ধান্ত RSS-এর, নিউ টাউনে চারতলা নতুন অফিস

Published on:

Published on:

RSS has built a new four-storey office in New Town
Follow

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে নিজেদের সাংগঠনিক কাজকর্মের জন্য আরও বড় পরিকাঠামোর দিকে এগোল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। কলকাতার পুরনো দফতরের পাশাপাশি এবার নিউ টাউনে তৈরি হয়েছে সংগঠনের নতুন ভবন। অ্যাকশন এরিয়া 2D-তে নির্মিত চারতলা এই ভবনের নাম রাখা হয়েছে ‘কেশব স্মৃতি’। আগামী ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এর দরজা খুলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন RSS-এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) নতুন দফতর

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নতুন দফতর তৈরির অন্যতম কারণ হিসেবে সংগঠনের তরফে উঠে এসেছে জায়গার প্রয়োজনীয়তা। দীর্ঘদিন ধরে অভেদানন্দ রোডের ‘কেশব ভবন’ থেকেই বাংলায় RSS-এর সাংগঠনিক কাজ পরিচালিত হয়ে আসছিল। সময়ের সঙ্গে বিভিন্ন কর্মসূচি এবং সাংগঠনিক কার্যকলাপ বাড়ায় পুরনো ভবনের পরিসর নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল বলে RSS সূত্রে দাবি।

কর্মীদের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পদাধিকারীদের থাকা, বৈঠক এবং অন্যান্য কাজ পরিচালনার ক্ষেত্রেও সেখানে পর্যাপ্ত সুবিধা ছিল না বলে সংগঠনের বক্তব্য।এই জায়গাতেই নতুন ভবনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে RSS। চারতলা ভবনে সাংগঠনিক বৈঠক থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য বাড়তি পরিসর মিলবে। বাইরে থেকে আসা নেতাদের সফর এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচিও নতুন ঠিকানা থেকে পরিচালনা করা সম্ভব হবে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।

নিউ টাউনের অবস্থানও নতুন দফতরের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে। কলকাতা বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় দেশের অন্য প্রান্ত থেকে আসা RSS-এর কেন্দ্রীয় স্তরের নেতাদের যাতায়াত সহজ হবে বলে সংগঠনের দাবি। আগে বিমানবন্দর থেকে উত্তর কলকাতার অভেদানন্দ রোডে পৌঁছতে যে সময় লাগত, নতুন দফতরের উদ্বোধনের পর আর অনেকটা সময় লাগবে না।

পশ্চিমবঙ্গে সংগঠনের বিস্তার নিয়ে RSS-এর দাবি, গত কয়েক বছরে রাজ্যে সাংগঠনিক কাজের পরিধি বেড়েছে এবং স্বয়ংসেবকদের সংখ্যাতেও বৃদ্ধি হয়েছে। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন পরিকাঠামোর প্রয়োজন দেখা দিয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, মুসলিম সম্প্রদায়ের কয়েকজন স্কলার ও শিক্ষাবিদ তাদের সঙ্গে যোগাযোগ করছেন। RSS-এর সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে তাঁদের কাছ থেকে ফোন আসছে বলেও জানা যাচ্ছে।

নতুন ভবনের উদ্বোধন ঘিরে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দত্তাত্রেয় হোসবালে ছাড়াও RSS-এর বঙ্গীয় সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং স্বয়ংসেবকদের উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর থেকে নিউ টাউনের এই ভবনটি রাজ্যে সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মস্থল হিসেবে ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে।

RSS has built a new four-storey office in New Town

আরও পড়ুন : বদলের পথে বিশ্ব বাংলা সরণির নাম! চৈতন্য মহাপ্রভুর নামে নতুন রাস্তার নাম কী হবে?

‘কেশব স্মৃতি’ নামটির সঙ্গেও RSS-এর প্রতিষ্ঠার ইতিহাসের যোগ রয়েছে। ১৯২৫ সালে নাগপুরে ড. কেশব বলিরাম হেডগেওয়ারের হাত ধরে সংগঠনটির পথচলা শুরু হয়। গত বছর অর্থাৎ ২০২৫ সালে প্রতিষ্ঠার একশো বছর পূর্ণ করেছে RSS। অভেদানন্দ রোডের পুরনো দফতর থেকে নিউ টাউনের নতুন ভবনে এই বিস্তারকে তাই শুধুমাত্র ঠিকানা বদল হিসেবে দেখছে না সংগঠন। RSS-এর দাবি অনুযায়ী, রাজ্যে সাংগঠনিক কাজের পরিধি বাড়ায় সেই প্রয়োজন মেটাতেই নতুন কেন্দ্র তৈরি করা হয়েছে।