বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত এক বছর ধরে ভারতীয় দলের (Indian Cricket Team) ওডিআই ফরম্যাটের নেতৃত্বের দায়িত্ব পালন করছেন শুভমান গিল (Shubman Gill)। সেই সঙ্গে তার ডেপুটির ভূমিকা পালন করেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কিন্তু আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে শ্রেয়স আইয়ার জায়গা পাননি। একই সময় এশিয়ান গেমস আয়োজিত হওয়ায় সেই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব শ্রেয়সকে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
তবে খুব শীঘ্রই শুভমান গিলের বদলে শ্রেয়স আইয়ার ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেবেন। বিসিসিআইয়ের অন্দরমহল থেকে এমন খবরই প্রকাশ্যে আসছে। যদিও এই বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে চলতি বছরেই এমনটা ঘটতে দেখা যেতে পারে।

তবে পাকাপাকিভাবে শুভমান গিলকে নেতৃত্ব থেকে সরানোর পরিকল্পনা নেই বিসিসিআইয়ের। দল যেমনই খেলুক না কেন আসন্ন ওডিআই বিশ্বকাপ অবধি তিনিই দলের নেতৃত্বের দায়িত্বে থাকবেন। শ্রেয়স আইয়ার চলতি বছরের শেষদিকে খুব অল্প সময়ের জন্য ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে পারেন।
কিন্তু কেন শ্রেয়সকে ভারতের নেতৃত্বের দায়িত্ব সামলাতে হবে? সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে নভেম্বর মাসের শুরুর দিকে ভারত নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেললেও প্রথম তিনটি ম্যাচেই কেবল শুভমান গিল সহ কিছু তারকা ক্রিকেটার অংশ নেবেন। এই তালিকায় শুভমান গিল ছাড়াও রয়েছে লোকেশ রাহুল, যশপ্রীত বুমরার মতো তারকা ক্রিকেটাররা। বাকি দুটি ম্যাচ ভারতীয় দলকে খেলতে হবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে।
আরও পড়ুন: বড় ভুল করছেন গৌতম গম্ভীর! এখন থেকে ঠিক না হলে বিশ্বকাপে হবে সমস্যা, সতর্কবাণী যুবরাজের
ওই ওডিআই সিরিজের পরে নভেম্বর মাসের শেষদিকে নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে ওই দুটি টেস্টই জিততে হবে ভারতকে। তাই ওই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে টেস্ট ম্যাচের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই তিন তারকাকে তরতাজা রাখতে তাদেরকে ওই শেষ দুই ওডিআই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।














